খুলনায় ক্লিনিকের পর এবার রেস্টুরেন্টে হামলা, কাচ ভাঙচুর

খুলনা নগরীর আহসান আহমেদ রোডের পিটিআই মোড়সংলগ্ন চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এর কয়েক দিন আগে নগরীর একটি ক্লিনিকেও হামলার ঘটনা ঘটেছিল।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিকেলে চার-পাঁচজন যুবক রেস্টুরেন্টে ঢুকে চেয়ার ছুড়ে ও লাথি মেরে সামনের কাচ ভাঙচুর করে। এ সময় রেস্টুরেন্টের আসবাবপত্রও এলোমেলো করে দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, ঘটনার সময় চারজন যুবক এসে চাইনিজ প্যালেস রেস্টুরেন্টের অবস্থান জানতে চান। রেস্টুরেন্টটি দেখিয়ে দেওয়ার পরপরই তারা ভাঙচুর শুরু করেন। সামনে থাকা চেয়ার ছুড়ে মারেন এবং লাথি দিয়ে কাচ ভেঙে ফেলেন। পরে তারা পালিয়ে যায়।
কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রেস্টুরেন্টের কর্মচারীরা। হামলাকারীদের পরিচয় কিংবা তাদের সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে চারজন যুবককে ভাঙচুর করতে দেখা গেছে। ফুটেজ দেখে তাদের বয়স আনুমানিক ২২ থেকে ২৪ বছর বলে ধারণা করা হচ্ছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে ফোন দিলে ফোন ধরা হয় না—এ বিষয়কে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিছু বখাটে যুবক এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে খুলনা নগরীর সন্ধানী ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা ১০-১২ জনের একটি দল সেখানে হামলা চালায়। সেসময় খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানিয়েছিলেন, ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
ক্লিনিকের ঘটনার কয়েক দিনের মধ্যে আরেকটি প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় নগরীর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।



