…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন, তুললেন পরিচয়কার্ড নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে সেখানে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন দেলাওয়ার হোসেন।

ভোট দেওয়ার পর নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, ‘ভোটারদের প্রতি আহ্বান, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। কেবল ভোটগ্রহণ শুরু হয়েছে, এজন্য বর্তমান পরিস্থিতি নিয়ে বলার কিছু নাই। আর একটু সময় গেলে পরিস্থিতি সম্পর্কে বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, সেখানে এসে দেখেছি প্রিজাইডিং যে কর্মকর্তা রয়েছেন, তার কার্ডে কোনো ছবি দেওয়া নাই। আমরা কীভাবে বুঝব তিনি সেই ব্যক্তি নাকি অন্য কেউ? এখানে প্রক্সি দিতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে দেখার অনুরোধ করছি।’

দেলাওয়ার হোসেন বলেন, ‘পুরো নির্বাচন যেহেতু দলীয় সরকারের অধীনে হচ্ছে, তাহলে সুষ্ঠু হবে সেটা নির্ভর করছে সরকার এবং নির্বাচনের দায়িত্ব যারা আছেন তাদের ওপর এবং প্রশাসনের ওপর।’

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন; তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।

গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছিলেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৩ হাজার ৮৩৩ ভোট।

রাজনীতি বিভাগের আরও খবর

সাভারে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ
রাজনীতি

সাভারে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ

ঢাকার সাভারে সাইমুন ইসলাম হৃদয় (২৭) নামের এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ আমলের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামু…

রাজনীতি

সকাল ৮টায় নিজের ভোট দিলেন মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘নিরঙ্কুশ জয়ের’ প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজের ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির…

সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
রাজনীতি

সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের রাতে ভোটগ্রহণের দায়িত্ব থেকে ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ…

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে: আগের রাতে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, ১৮৫ কেন্দ্রে লড়ছেন ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে আসনটির তিন উপজেলার ১৮৫টি কেন্দ্রে একযোগ…