অ্যামাজনের ডিভাইস ও সেবা বিভাগে প্রায় ২৫০ কর্মী ছাঁটাই, অধিকাংশই সফটওয়্যার বিভাগের
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ডিভাইস ও সেবা বিভাগ থেকে প্রায় ২৫০ কর্মী ছাঁটাই করেছে। কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা এবং পণ্য উন্নয়নের পরিকল্পনার সঙ্গে কর্মী কাঠামোর সমন্বয় আনতে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কর্মীদের ক্ষুদে বার্তা ও ই-মেইলের মাধ্যমে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন কিন্ডল ই-রিডার ও ট্যাবলেট কম্পিউটারসহ বেশ কয়েকটি পণ্য বাজারে আনার কয়েক সপ্তাহের মধ্যেই কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নিল অ্যামাজন। প্রতিষ্ঠানটি রয়টার্সের কাছে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যামাজনের এক মুখপাত্র জানান, অল্পসংখ্যক পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ছাঁটাইয়ের সংখ্যা সর্বোচ্চ ২৫০ জন এবং তাদের অধিকাংশই সফটওয়্যার উন্নয়ন বিভাগের কর্মী।
কোম্পানির মুখপাত্রের ভাষ্য, এই সিদ্ধান্তের ফলে অ্যামাজন আরও দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সঙ্গে পণ্য উন্নয়নের পরিকল্পনার সঙ্গে কর্মী কাঠামোর আরও ভালো সমন্বয় ঘটবে।
এদিকে বুধবার অ্যালেক্সা প্রযুক্তিনির্ভর নতুন একটি অ্যালার্ম ঘড়ি ও ছবির ফ্রেম উন্মোচন করেছে অ্যামাজন।
প্রতিষ্ঠানটির ডিভাইস ও সেবা বিভাগের মানবসম্পদবিষয়ক ভাইস প্রেসিডেন্ট চেরি রবিনসন কর্মীদের পাঠানো এক বার্তায় জানান, প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো বিস্তারিত পর্যালোচনার পর কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে অ্যামাজন তাদের মূল খুচরা ব্যবসা বিভাগ থেকে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করে। বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার পর চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।


