অভিনেতা সমু চৌধুরীর পুরো চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ, সব খরচও সংঘের

একসময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর অপ্রকৃতিস্থ জীবনযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাঁর চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটি জানিয়েছে, চিকিৎসার সমস্ত খরচ তারাই বহন করবে।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, “সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। বুধবার (২৮ অক্টোবর) সমু চৌধুরীর মা-সহ তাঁর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।”
প্রিয় এই তারকার দুর্দশার ছবি ভাইরাল হওয়ার পর ভক্ত-অনুরাগীরা ব্যথিত হন এবং আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই সংঘ চিকিৎসার দায়িত্ব নেওয়ার এই উদ্যোগ নেয়।
প্রায় তিন বছর আগেও একবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর অভিনয়শিল্পী সংঘের সদস্যরা তাঁকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং চিকিৎসার উদ্যোগও নিয়েছিলেন। তবে পরিবারের সম্মতি না পাওয়ায় সেই প্রক্রিয়া আর এগোয়নি।
চলতি মাসে যশোর শহরে হামলার শিকার হন সমু চৌধুরী। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান।
এরপর তাঁর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেসব ভিডিও থেকে জানা যায়, তিনি কুষ্টিয়ায় লালনের মেলায় গিয়েছিলেন; কোনো কোনো ভিডিওতে তাঁর অপ্রকৃতস্থ আচরণ ও নেশা গ্রহণের দৃশ্যও দেখা যায়। এ অবস্থায় নেটিজেনরা সরকার কিংবা সংশ্লিষ্ট সংগঠনের কাছে তাঁর চিকিৎসার দাবি জানান।
এর কিছুদিন পর ছোটপর্দার অভিনেত্রী মনিরা মিঠু সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে দাবি করেন, সমু চৌধুরী বাইপোলার পার্সোনালিটি ডিজঅর্ডারে আক্রান্ত। তবে অভিনেতা ঠিক কোন রোগে আক্রান্ত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ছাত্রজীবনে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন সমু চৌধুরী। টানা ১০ বছর উদীচীর হয়ে তিনি পথনাটক, মঞ্চনাটক ও গণসংগীত করেছেন। পরে তিনি ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার ও নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন।
১৯৯০ সালে আতিকুল হক চৌধুরীর ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে তাঁর যাত্রা শুরু হয়। এরপর ‘জন্মভূমি’, ‘সাতপৌরে কাব্য’, ‘এই সময়ের গল্প’, ‘জিনের বাদশা’, ‘সোনালী রোদ্দুর’, ‘এবং আমি’, ‘সবুজের হলুদ ব্যাধি’, ‘দূরের আকাশ’-সহ বহু নাটকে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।
বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এই তালিকায় রয়েছে ‘আদরের সন্তান’, ‘নদীর নাম মধুমতী’, ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়েল অধিকার’, ‘দেশ দরদি’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’, ‘জুম্মন কসাই’, ‘হৃদয় থেকে পাওয়া’ ও ‘গোলুই’।
পরিবারের অনুমতি মেলায় এবার তাঁর চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংঘের তত্ত্বাবধানেই পুরো চিকিৎসা চলবে।



