ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-১০ অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। অবরোধের কারণে এলাকা ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রধান সড়কে অবস্থান নেন কয়েক শ শ্রমিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালের দিকে স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মোড়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকেরা চারদিকের সংযোগ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। মিরপুর-১০ গোলচত্বর অত্যন্ত ব্যস্ত মোড় হওয়ায় অবরোধে আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।
এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ পথচারী, যাত্রী ও পরিবহনচালকেরা।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের সংবাদমাধ্যমকে বলেন, তারা শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন; পাশাপাশি সাধারণ যাত্রীদের সড়ক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।



