চাঁদপুরের বাবুরহাটে সড়ক-ফুটপাতের দখলদার চিহ্নিত করতে আদালতের নির্দেশ, ১২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
চাঁদপুরের বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণ করা জমি এবং ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনায় দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছেন আদালত।
চাঁদপুর জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান স্বাক্ষরিত আদেশে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ।
আদেশ অনুযায়ী, আগামী ১২ নভেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত করে অবৈধ স্থাপনা ও দখলদারদের পরিচয় উল্লেখ করে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। প্রতিবেদনে দখলদারদের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য থাকতে হবে।
আদালতের আদেশে বলা হয়, গত ২৪ আগস্ট চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণ করা জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
তবে চাঁদপুর-মতলব সড়কের বাবুরহাট বাজারসংলগ্ন পশ্চিম পাশে সড়ক বিভাগের জমি ও জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে পুনরায় বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাবুরহাটে সড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছে বলে আদালতের আদেশে বলা হয়েছে।
সরকারি জমি উচ্ছেদের পর পুনরায় দখল এবং সড়ক-ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে সরকারি জমি দখলমুক্ত রাখা এবং যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত।



