…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

মজুরি বোর্ড ঘিরে সহিংসতার প্রতিবাদে পোশাক ফেডারেশনগুলোর মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
মজুরি বোর্ড ঘিরে সহিংসতার প্রতিবাদে পোশাক ফেডারেশনগুলোর মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
ছবি: সংগৃহীত

গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড পুনর্গঠন ও শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের নেতারা। একই সঙ্গে আন্দোলনের নামে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার শ্রম আইনে সংশোধন এনে তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠনের বিধান ছিল। সরকারের এই সিদ্ধান্তে শ্রমজীবী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে তাঁরা মন্তব্য করেন। তাঁদের আশা, এর মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নের পথ আরও সুগম হবে।

বক্তারা জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নারী শ্রমিকদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিরাপদ কর্মসংস্থান, শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি স্থাপন ও হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ।

মানববন্ধনে পরিষদের আহ্বায়ক মো. মির্জা আল শামীম বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংগঠন নিম্নতম মজুরি বোর্ড, শ্রমমন্ত্রী, শ্রমসচিব ও প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রমমন্ত্রী ২০২৬ সালের অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে শ্রম মন্ত্রণালয়ের মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া দৃশ্যমান হয়েছে এবং এ-সংক্রান্ত চিঠিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠন ও মজুরি বৃদ্ধির প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি হলে তা দেশের শিল্প খাতকে অস্থিতিশীল করে তুলবে। একই সঙ্গে শ্রমিকদের প্রত্যাশিত মজুরি ঘোষণার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি দ্বিগুণ বৃদ্ধির বিষয়ে মিথ্যা প্রচারণা ছড়িয়ে আন্দোলনকে উসকে দেওয়া এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। তাঁদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক শরিক দল ও সংশ্লিষ্ট শ্রমিক ফেডারেশনগুলো এ ধরনের কর্মকাণ্ডে আগের চেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, মজুরি বোর্ড গঠনের তিন বছর পূর্ণ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। এ সময়কে কেন্দ্র করে ষড়যন্ত্রের অংশ হিসেবে গাজীপুর শিল্পাঞ্চলের কালিয়াকৈর ও কোনাবাড়ীতে বহিরাগত ব্যক্তিরা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করেন বলে তাঁরা অভিযোগ করেন।

এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের প্রক্রিয়াকে সহিংসতার সঙ্গে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা সড়ক অবরোধের নামে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারী ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীমা আক্তার, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু), জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমীর হামজা খান, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাকিল হোসেন মোবারকসহ বিভিন্ন ফেডারেশনের নেতারা।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

পোশাকের বাইরে রপ্তানি বাড়াতে নতুন বাজারে নজর: অগ্রাধিকার খাত আট থেকে বেড়ে ১২

তৈরি পোশাকের (আরএমজি) ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং যুক্তরাজ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উদ্য…

অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, দুই প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫…

এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি প্রায় ২ লাখ ২৪ হাজার ৭৬৭ টাকা
অর্থনীতি ও ব্যবসা

এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি প্রায় ২ লাখ ২৪ হাজার ৭৬৭ টাকা

টানা চার দফা কমার পর এক দিন বাড়ানোর পরদিনই আবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা…

সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে যেসব সুবিধা মেলে, যেভাবে তথ্য দিতে হয় ই-রিটার্নে
অর্থনীতি ও ব্যবসা

সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে যেসব সুবিধা মেলে, যেভাবে তথ্য দিতে হয় ই-রিটার্নে

সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে নিয়মিত মুনাফা পাওয়ার পাশাপাশি আয়কর রিটার্নেও কিছু সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষ করে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কেটে র…