বরিশালে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী সজল নিহত, আহত ২

বরিশাল নগরীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সদর রোডের জগন্নাথ মন্দিরের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের সহকর্মী ও পুলিশ জানায়, আজ সকালে বাসা থেকে বের হন সজল। তিনি সদর রোডের জগন্নাথ মন্দিরে যান। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা দেয়। এতে সজল ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
এ সময় মন্দিরের আশপাশে থাকা লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সকাল ৮টা ৫ মিনিটে আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।



