কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে ভেসে যাওয়া কিশোর শান্তর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতে সমুদ্রে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া শান্ত (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।
মারা যাওয়া শান্ত ঢাকার খিলগাঁও থানার ৯ নম্বর ওয়ার্ডের গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
সৈকতে দায়িত্ব পালনরত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসলে নামেন।
মাহবুব আলম জানান, গোসলের সময় সাগরের স্রোতে শিক্ষার্থীরা ভেসে যান। পরে তাদের মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও শান্ত নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন এবং বেলা সাড়ে ১২টার দিকে শান্তর মরদেহ উদ্ধার করেন।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, এ বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২১ অক্টোবর কক্সবাজারের হিমছড়ির পেঁচার দ্বীপ সমুদ্রসৈকত থেকে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।



