ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাতে অন্তত ৩ জনের মৃত্যু, সরিয়ে নেওয়া হলো প্রায় লাখো মানুষ
ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঝড়ে বাড়িঘর ও ফসলি জমির ক্ষতি হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বুধবার ভোরের দিকে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে অর্ণব অন্ধ্রপ্রদেশের দক্ষিণ-পূর্ব অংশে আঘাত হানে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, আর দমকা হাওয়ার গতি পৌঁছায় ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত।
ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার কোনো কোনো এলাকায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে আইএমডি জানিয়েছে। প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টিতে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি হয়।
বুধবার বিকেলের দিকে ঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। আঘাত হানার পর ঝড়ের শক্তি কমতে থাকলেও বৃষ্টি অব্যাহত ছিল।
ঝড় আসার আগে অন্ধ্রপ্রদেশে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছিল। প্রতিবেশী ওড়িশায় আরও ৪৮ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়।




