রায়গঞ্জের জনসভায় গরু জবাই নিয়ে কঠোর হুঁশিয়ারি শুভেন্দুর, অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর রাজ্যে গরু জবাইয়ের কোনো ঘটনা ঘটলে তাঁর ‘চেয়ে খারাপ আর কেউ হবে না’। বৃহস্পতিবার তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে ইকোনমিক টাইমসের বরাতে জানা গেছে।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন, হিন্দুদের কাছে গরু পবিত্র এবং তাদের কোনো ক্ষতি করা উচিত নয়।
মুখ্যমন্ত্রী বলেন, “গোমাতার গায়ে কেউ হাত তুলবেন না। গোমাতার কোনো ক্ষতি করবেন না। আমি বিষয়টি স্পষ্ট করে বলে দিচ্ছি — যদি এমনটা ঘটে, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।”
কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাব; তাদের প্রথমে হোল্ডিং স্টেশনে রাখা হবে এবং তারপর সেখান থেকে ফেরত পাঠানো হবে।”
নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) মাধ্যমে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে নিজের প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শুভেন্দু। তিনি জানান, তিনি নিশ্চিত করবেন যেন হিন্দু ধর্মের কোনো শরণার্থীকেই কারাগারে থাকতে না হয়।
বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, “আমি নিশ্চিত করব, যেন একজন হিন্দু শরণার্থীও এখানে কারাগারে না থাকেন। তাদের মুক্ত করতে এবং সিএএ-এর অধীনে নাগরিকত্ব প্রদানের জন্য অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান।
রাজ্যের সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখার ওপর নিজের সরকারের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “এই সীমান্ত এলাকাগুলোতে কোনো অবৈধ মাদ্রাসা থাকা উচিত নয়, যাতে কোনো দেশবিরোধী কার্যকলাপ সংঘটিত হতে না পারে।”




