ত্রুটি সারানোর পর নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিজি-৩৭৭, উড্ডয়ন রাত ১০টা ৪৫ মিনিটে

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।
এর আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল।
বিমান বাংলাদেশ সূত্র জানায়, ভিভিআইপি যাত্রীদের নিয়ে বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটির সংকেত দেখা যায়। তাৎক্ষণিকভাবে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন।
নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানান এবং যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন। এরপর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফেরানো হয়।
ত্রুটি শনাক্তের পরপরই প্রকৌশলীরা কারিগরি পরীক্ষা ও মেরামত শুরু করেন। মেরামতে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়।
প্রকৌশলীদের পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত শেষে ত্রুটি সারানো হলে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।




