গুলিস্তানে দুই দফা অভিযানে জিরো পয়েন্ট থেকে ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক-ফুটপাত দখলমুক্ত

ঢাকার গুলিস্তানে আবারও রাস্তা ও ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা ও বিকেল সাড়ে ৩টায় দুই দফায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়। এর মধ্য দিয়ে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পুরো সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে বলে অভিযানসংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযানে অংশ নেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অবৈধ ফুটপাত দখলের পক্ষে যত যুক্তি বা অজুহাতই দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।
বারবার অভিযানের পরও হকাররা ফিরে আসে কীভাবে—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, “যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।”
পুনর্বাসন ছাড়া উচ্ছেদের অভিযোগ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে, বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। তাঁর ভাষায়, “এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।”
অভিযান চলাকালে উপস্থিত সাধারণ পথচারীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁরা স্বস্তি প্রকাশ করেন এবং প্রশাসককে ধন্যবাদ জানিয়ে এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।




