লাহোরে ৭১৭ রানের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারাল ইংল্যান্ড, ঘুচল ২১ বছরের অপেক্ষা

লাহোরে ৭১৭ রানের রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে পাকিস্তানের মাটিতে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ইংল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করে বেন ডাকেটের দুর্দান্ত ইনিংসে ৫ উইকেটে ৩৮৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে ১৩২ বলে ২৪টি চার ও ১টি ছক্কায় ১৬৭ রান করেন ডাকেট। টম ব্যান্টন করেন ৭৪, হ্যারি ব্রুক ৪৪, জর্ডান কক্স ৪৩, উইল জ্যাকস ৩০ এবং স্যাম কারান অপরাজিত ২১ রান করেন।
জবাবে পবন রথনায়েকের ঝড়ো সেঞ্চুরিতে লড়াই জমিয়ে তোলে শ্রীলঙ্কা। ৭৭ বলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১১৮ রান করেন তিনি।
এছাড়া কুশল মেন্ডিস ৮৯ ও আভিষ্কা ফার্নান্ডো ৪৮ রান করেন শ্রীলঙ্কার হয়ে।
একপর্যায়ে ২ উইকেটে ১৭৭ রান তুলে জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৫ দশমিক ১ ওভারে ৩৩১ রানে অলআউট হয় তারা।
ইংল্যান্ডের হয়ে লিয়াম ডাউসন ৪টি এবং সনি বেকার ২টি উইকেট নেন।
পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড সবশেষ ওয়ানডে জিতেছিল ২০০৫ সালের ডিসেম্বরে। প্রায় ২১ বছর পর আবারও পাকিস্তানের মাটিতে ওয়ানডে জয়ের স্বাদ পেল ইংলিশরা।
চলতি ত্রিদেশীয় সিরিজে তিন পরাজয়ের পর এটিই ইংল্যান্ডের প্রথম জয়।


