…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

সৌদি আরবে শ্রমিক নির্যাতন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের দাবি প্রেসক্লাবের সামনের সমাবেশে: কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে শ্রমিক নির্যাতন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের দাবি প্রেসক্লাবের সামনের সমাবেশে: কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বাংলাদেশিসহ প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন, মৃত্যুদণ্ড ও শিরশ্ছেদ বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শ্রমিকদের ন্যূনতম মানবিক ও শ্রম অধিকার নিশ্চিত করতে ব্যর্থ দেশগুলোতে প্রয়োজনে সাময়িকভাবে কর্মী পাঠানো বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সাইফুল হক। সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির শিরশ্ছেদের প্রতিবাদে এবং প্রবাসী শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সাইফুল হক বলেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে এখনো সাত হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক বন্দি রয়েছেন। তাঁদের আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু শ্রমিকদের বিদেশে পাঠানোর পর তাঁদের নিরাপত্তা, আইনি সুরক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, যেসব শ্রমিকের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাঁদের অমানবিক জীবন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে সাইফুল হক বলেন, বিদেশে নারী শ্রমিকদের জীবন ও মর্যাদা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া অনেক নারী নিয়োগকর্তার পরিবারের সদস্যদের হাতে নির্যাতনের শিকার হন। তাঁদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, প্রবাসী নারী শ্রমিকদের অনেকেই যৌন নিপীড়নসহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন। শ্রমিকদের অনিরাপদ জীবন বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় ও রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের সমালোচনা করে সাইফুল হক বলেন, মালয়েশিয়ায় যেতে শ্রমিকদের কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। বিদেশে কর্মী পাঠানোর প্রকৃত ব্যয় নির্ধারণ, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি নতুন শ্রমবাজারে প্রবেশের জন্য শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বানও জানান।

সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম, শ্রমজীবী নারী মৈত্রীর সহসভাপতি রাশিদা আক্তার ও নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আনিসুর রহমান মাস্টার।

সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাসী শ্রমিক নির্যাতনে সরকারের কার্যকর ভূমিকা নেই, প্রেসক্লাবের সামনে বললেন সাইফুল হক
প্রবাস

প্রবাসী শ্রমিক নির্যাতনে সরকারের কার্যকর ভূমিকা নেই, প্রেসক্লাবের সামনে বললেন সাইফুল হক

প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন ও নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট দূতাবাস ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর …

প্রবাস

টোকিওতে প্রবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রী: প্রাথমিক স্তর থেকে জাপানি ভাষাশিক্ষা, উপজেলা হাসপাতালে ১৫০ শয্যার পরিকল্পনা

দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধা…

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সময়মতো কনস্যুলার সহায়তা না দেওয়ার অভিযোগে হাইকোর্টে রিট
প্রবাস

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সময়মতো কনস্যুলার সহায়তা না দেওয়ার অভিযোগে হাইকোর্টে রিট

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিদেশে থাকা বাংলাদেশিদের সময়মতো কনস্যুলার সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে…

প্রবাস

চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় পাচার: স্ক্যাম সেন্টারে বন্দি বাংলাদেশিরা, ফেরার অপেক্ষায় আরও প্রায় দেড় হাজার

কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি কর্মী কিংবা কাস্টমার সার্ভিসের চাকরি, মাসে ৫০ হাজার থেকে এক লাখ টাকার বেশি বেতন — এমন প্রস্তাবে বিশ্বাস করে দালালদের হ…