…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটে বিএনপির জয়: অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভের ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটে বিএনপির জয়: অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভের ঘোষণা জামায়াতের
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্য মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

এদিকে নির্বাচনে অনিয়ম, জাল ভোট, ভোট কারচুপি এবং নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ১১-দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। শুক্রবার বিকেল তিনটায় সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোট গণনার সময়ও অনেক কেন্দ্রে তাঁদের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই প্রার্থী আরও অভিযোগ করেন, রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি হাইস্কুল কেন্দ্রে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে সিল মারার প্রতিবাদ করতে গিয়ে তাঁদের প্রধান নির্বাচনী এজেন্ট মারধরের শিকার হয়েছেন। পরে প্রশাসনের সদস্যরা তাঁকে উদ্ধার করেন বলে জানান তিনি।

নির্বাচন ঘিরে জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগও করেন তিনি। দেলাওয়ার হোসেনের দাবি, তাঁদের ১৫ থেকে ২০ জন পোলিং এজেন্ট মারধরের শিকার হয়েছেন; তাঁদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিএনপির প্রার্থীকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া ও মিষ্টি বিতরণের বিষয়টি উল্লেখ করে দেলাওয়ার হোসেন বলেন, এতে তাঁদের মনে হয়েছে ফলাফল আগে থেকেই নির্ধারণ করে রাখা হয়েছিল।

নির্বাচনের ফলাফল নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে দেলাওয়ার হোসেন বলেন, সব কেন্দ্রের ফলাফল হাতে পাওয়ার পর এবং আহত নেতা-কর্মীদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে স্থানীয় নেতারা বৈঠকে বসবেন। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে নির্বাচন কমিশনের অবস্থান ছিল ভোট শান্তিপূর্ণ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত এবং নির্ধারিত সময়ের মধ্যে সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়; ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটকের বিষয়ে ইসি সচিব বলেন, তিনজনকে আটক করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি; বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন প্রিসাইডিং কর্মকর্তার ছবি না থাকা নিয়ে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরও এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

রাজনীতি বিভাগের আরও খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

জাতীয় সংসদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প…

দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
রাজনীতি

দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়…

রাজনীতি

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল: ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

সরকারি বাসা বা ফ্ল্যাট পুরোপুরি কিংবা আংশিকভাবে অন্যের কাছে ভাড়া দেওয়া বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। যারা বাসা বা ফ্ল্যাট স…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দ্বিতীয়বার হারলেন জামায়াতের দেলাওয়ার: ফেব্রুয়ারির তুলনায় ভোট কমেছে প্রায় সাড়ে ৪৪ হাজার, ব্যবধান বেড়ে ১ লাখ ৩১ হাজার
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দ্বিতীয়বার হারলেন জামায়াতের দেলাওয়ার: ফেব্রুয়ারির তুলনায় ভোট কমেছে প্রায় সাড়ে ৪৪ হাজার, ব্যবধান বেড়ে ১ লাখ ৩১ হাজার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জাম…