মেহেরপুরের গাংনীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরের গাংনী উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তি মেসার্স বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিএডিসির সার ডিলার সাজিদুর রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে মেসার্স বিশ্বাস ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ড) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাজিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানকালে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ সময় গাংনী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার মতো অনিয়ম প্রতিরোধে তদারকি জোরদার করা হবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন জানিয়েছে।



