ফ্রান্সে গুলি চালিয়ে হত্যা: মুসলিম ও আফ্রিকানদের লক্ষ্য করার কথা স্বীকার অভিযুক্তের, সন্ত্রাসের অভিযোগ
ফ্রান্সে গাড়ি থেকে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যা ও আরও সাতজনকে আহত করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি যাদের ‘মুসলিম, আফ্রিকান বা উত্তর আফ্রিকান বলে মনে হয়েছে’ তাদেরই লক্ষ্য করেছিলেন। কৌঁসুলিরা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলি কার্যালয় নিশ্চিত করেছে, ৩৯ বছর বয়সী কেভিন টি-এর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং একটি ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। কৌঁসুলি অলিভিয়ের ক্রিস্তেন বলেন, কেভিন স্বীকার করেছেন, তিনি জায়গাটি বেছে নিয়েছিলেন কারণ তাঁর ভাষায় সেটি ছিল ‘ইসলামপন্থীদের আখড়া’।
এর আগে কেভিন হামলার বর্ণবাদী চরিত্র অস্বীকার করেছিলেন; বৃহস্পতিবার তিনি অবস্থান বদলান। গত শুক্রবার প্যারিসের পশ্চিমের ট্র্যাপ ও লা ভেরিয়ের শহর দুটির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পথচারীদের ওপর গুলি চালান। এতে একজন নিহত ও সাতজন আহত হন; আহতদের মধ্যে একটি শিশুও ছিল এবং ভুক্তভোগীদের বেশির ভাগই ছিলেন বিদেশি বংশোদ্ভূত। অভিযুক্তকে ওই দিনই পরে গ্রেপ্তার করা হয়।
কৌঁসুলি ক্রিস্তেন জানান, কেভিন বলেছেন তাঁর কোনো অনুশোচনা নেই, তবে তিনি শিশুদের হত্যা করতে চাননি; আকারের কারণে তিনি ভুল করে থাকতে পারেন বলেও মন্তব্য করেছেন। নিহত ব্যক্তির নাম পেঙ্গো বোসিও ওয়াঙ্গি (২৬); তিনি ছিলেন কঙ্গো বংশোদ্ভূত ফরাসি নাগরিক।
কেভিনের বাড়িতে তল্লাশি চালিয়ে কর্তৃপক্ষ অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ পেয়েছে—এর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন, দুই জোড়া পিতলের নাকল, একটি ইস্পাতের বেয়নেট ও একটি সাইলেন্সার। পুলিশ সেখানে অ্যাডলফ হিটলারের বই ‘মাইন কাম্পফ’-এর একটি কপি, একটি কোরআন, একটি বাইবেল এবং মারিন লে পেনের উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের প্রশংসাসূচক স্টিকারও পেয়েছে।
কৌঁসুলি ক্রিস্তেন বলেন, হামলার আগে কেভিনের প্রস্তুতির মাত্রা ছিল ‘খুবই উচ্চ’। সেপ্টেম্বরে তিনি একটি স্টেন সাবমেশিনগানের কৌশলগত কার্যকারিতা বাড়ানোর জন্য তৈরি বেশ কয়েকটি অস্ত্র-যন্ত্রাংশ সংগ্রহ করেছিলেন; সঙ্গে ছিল একটি পুলিশি আর্মব্যান্ড ও হাতকড়াও।
তবে কৌঁসুলির ভাষ্য অনুযায়ী, কেভিন বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক নন।

