বসনিয়ায় ইইউ বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, চার ইতালীয় নাগরিক নিহত
বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়ন বাহিনীর (ইইউএফওআর) একটি সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়ে চারজন ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। ইইউএফওআর জানিয়েছে, ইতালীয় সামরিক বাহিনীর একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ‘নিয়মিত প্রশিক্ষণ’ চলাকালে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বসনিয়ার রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১০ মাইল) উত্তরে ব্রচকো এলাকায়। ইইউএফওআর জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১১ জন আহত হয়েছেন; আহত সবাই চিকিৎসাধীন আছেন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।
ইতালির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক হেলিকপ্টারটিতে থাকা সবাই ইতালির নাগরিক। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন সেনাসদস্য এবং দুজন রেড ক্রস স্বেচ্ছাসেবী।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে আমার ভাবনা সবার আগে নিহতদের পরিবারের প্রতি। তাঁদের প্রতি আমি আমার ব্যক্তিগত সমবেদনা এবং সমগ্র প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সমবেদনা জানাই।’
বসনিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি সমতল মাঠে উল্টে পড়ে আছে। ব্রচকো হাসপাতালের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে ১৫ জন ছিলেন এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান। তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে ১২ জনকে আনা হয়েছে। দুর্ভাগ্যবশত, হাসপাতালে চতুর্থ একজনের মৃত্যু হয়েছে।’
ইইউএফওআর এক বিবৃতিতে বলেছে, ‘ইইউএফওআর ঘটনাটির পূর্ণাঙ্গ ও গভীর তদন্ত চালাচ্ছে এবং তথ্য যাচাই হওয়ার পর যথাসময়ে আরও তথ্য প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, ইইউএফওআর ২০০৪ সাল থেকে বসনিয়ায় মোতায়েন রয়েছে; এর আগে সেখানে ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী ছিল, যারা ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধ শেষ হওয়ার পর থেকে দায়িত্ব পালন করে আসছিল। বাহিনীটিতে ১,০০০ থেকে ১,৫০০ সদস্য রয়েছেন। এর কাজ তিন বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটানো ডেটন শান্তিচুক্তি বাস্তবায়ন তদারকি করা।



