১৫ মিনিটে হ্যাটট্রিক রোনালদোর, আল খুলুদকে ৫-৩ গোলে হারাল আল নাসর
পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোলের লক্ষ্য স্থির করা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছেন। সৌদি প্রো লিগের ম্যাচে রিয়াদের আল-আউয়াল পার্ক মাঠে আল খুলুদকে ৫-৩ গোলে হারিয়েছে তাঁর দল আল নাসর। এই হ্যাটট্রিকে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৮৫-তে; মাইলফলক থেকে তিনি এখন ১৫ গোল দূরে।
ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে আল নাসর। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গেজের গোলে এগিয়ে যায় আল খুলুদ। ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতায় ফেরে নাসর, ৩৮ মিনিটে সাদিও মানের গোলে লিডও পায় রিয়াদের ক্লাবটি। তবে বিরতির আগমুহূর্তে, ইনজুরি সময়ে, অ্যান্তোইন আসোম্বা গোল করে আল খুলুদকে আবার সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে দাপট দেখায় আল নাসর, বিশেষ করে রোনালদো। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, দল এগিয়ে যায় ৫-২ গোলে। ডি-বক্সের কাছে সতীর্থের বাড়ানো পাসে দুটি গোল এবং আরেকটি গোল ক্রসে হেড করে করেন পর্তুগিজ তারকা।
আল নাসরের জার্সিতে এটি রোনালদোর সপ্তম হ্যাটট্রিক, সব মিলিয়ে ক্যারিয়ারের ৬৭তম। এর মধ্যে রিয়াল মাদ্রিদে ৪৪টি, পর্তুগাল জাতীয় দলে ১০টি, আল নাসরে ৭টি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসে তিনটি করে হ্যাটট্রিক করেছেন তিনি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি করেছেন ৬২টি হ্যাটট্রিক।
ম্যাচের শেষদিকে পেনাল্টিতে ডমিঙ্গেজ আরেকটি গোল করে আল খুলুদের হয়ে ব্যবধান ৫-৩ করেন।
পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড আগে থেকেই রোনালদোর দখলে ছিল। এই হ্যাটট্রিকে দুইয়ে থাকা মেসির (৯৩৬ গোল) সঙ্গে তাঁর ব্যবধান বেড়ে দাঁড়াল ৪৯ গোলে।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দারুণ জয়, দলের দুর্দান্ত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে অবদান রাখতে পেরে আনন্দিত!’
এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের টেবিলে দুইয়ে আছে আল নাসর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আল কাদসিয়া।



