ইউরোপীয় ফুটবলে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিলের পেছনে যে কারণ জানিয়েছিল উয়েফা

দুই লেগ মিলিয়ে স্কোর সমান থাকলেও একসময় ইউরোপীয় ফুটবলে ভাগ্য নির্ধারণ করত অ্যাওয়ে গোলের নিয়ম—প্রতিপক্ষের মাঠে করা গোল পেত বাড়তি গুরুত্ব। ২০২১ সালের জুনে সেই নিয়ম বাতিল করে উয়েফা। এরপর থেকে দুই লেগ মিলিয়ে স্কোর সমান থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, প্রয়োজনে টাইব্রেকারে নির্ধারিত হয় বিজয়ী।
উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটি ও নারী ফুটবল কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন মনে করতেন, এই নিয়মের কারণে স্বাগতিক দল অনেক সময় আক্রমণাত্মক ফুটবল খেলতে নিরুৎসাহিত হয়, বিশেষ করে দুই লেগের লড়াইয়ের প্রথম ম্যাচে।
সেফেরিন বলেছিলেন, ১৯৬৫ সালে চালু হওয়ার পর থেকে অ্যাওয়ে গোলের নিয়ম উয়েফার প্রতিযোগিতাগুলোর অবিচ্ছেদ্য অংশ ছিল। তবে গত কয়েক বছরে উয়েফার বিভিন্ন সভায় নিয়মটি বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে; সবার মত এক না হলেও অনেক কোচ, সমর্থক ও ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি নিয়মটি তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
পরিবর্তনের ব্যাখ্যায় সেফেরিন বলেন, সময়ের সঙ্গে নিয়মটির প্রভাব এর মূল উদ্দেশ্যের বিপরীতে চলে গেছে। প্রতিপক্ষের মাঠে গোল হজম করলে প্রতিপক্ষ বড় সুবিধা পেয়ে যাবে—এই আশঙ্কায় স্বাগতিক দল বিশেষ করে প্রথম লেগে আক্রমণে যেতে চাইত না।
অতিরিক্ত সময়েও নিয়মটি নিয়ে প্রশ্ন ছিল। দুই লেগের মোট স্কোর সমান থাকার পরও প্রতিপক্ষের মাঠে করা গোলের কারণে এগিয়ে যেতে পারত সফরকারী দল; সে ক্ষেত্রে সফরকারী দল অতিরিক্ত সময়ে একটি গোল করলেই স্বাগতিকদের জয়ের জন্য দুটি গোল করতে হতো। উয়েফার মতে, এটিও ছিল নিয়মটির অসাম্যের একটি দিক।
উয়েফার পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ইউরোপীয় প্রতিযোগিতায় স্বাগতিক দলের জয়ের হার ছিল ৬১ শতাংশ, যা ২০২০-২১ মৌসুমে কমে দাঁড়ায় ৪৭ শতাংশে। একই সময়ে ম্যাচপ্রতি স্বাগতিক দলের গড় গোল ২ দশমিক ০১ থেকে কমে হয় ১ দশমিক ৫৮।
তবে অ্যাওয়ে গোল পুরোপুরি হারিয়ে যায়নি ফুটবল থেকে। লিগ পর্বের ম্যাচে দুই বা তার বেশি দলের পয়েন্ট সমান হলে র্যাঙ্কিং নির্ধারণের কয়েকটি মানদণ্ডের মধ্যে অ্যাওয়ে গোলও বিবেচনায় নেওয়া হয়। আর দুই লেগের ম্যাচে মোট স্কোর সমান হলে এখন প্রতিপক্ষের মাঠে করা গোলের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয় না; অতিরিক্ত সময় ও প্রয়োজনে টাইব্রেকারই শেষ কথা।




