নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজন আটক
নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক দুজন হলেন আলামিন (২৬) ও আনিসুর (২৫)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ধারাবাড়িষা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়।
এর আগে একই ঘটনায় ডিবি পুলিশের একটি দল বড়াইগ্রামের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে নিজ বাসা থেকে আটক করেছিল।
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণে বাঁচতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলেও দুর্বৃত্তরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন। এরপর চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাঁরা পালিয়ে যান। এতে শাকিলের হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত শাকিল গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
নাটোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলামিন ও আনিসুর নামের দুজনকে আটক করা হয়েছে।



