…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন, পাল্টাপাল্টি দাবি ইরান ও যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন, পাল্টাপাল্টি দাবি ইরান ও যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এ ঘটনার এক দিন আগেই মার্কিন সামরিক বাহিনী বলেছিল, প্রণালিটি থেকে মাইন অপসারণ করে তারা জাহাজ চলাচলের পথ পরিষ্কার করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। জাহাজগুলো প্রণালির দক্ষিণ দিকের অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মাইন বিস্ফোরণে প্রণালির পূর্ব দিকেও আরেকটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। জাহাজটি প্রণালির সংরক্ষিত ও বিপজ্জনক এলাকা দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, প্রথম তিনটি জাহাজ তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল; এমনকি তারা ইরানি নৌবাহিনীর সতর্কবার্তাও উপেক্ষা করেছে। তবে ঠিক কোন সময়ে জাহাজগুলোয় আগুন লেগেছে এবং সেগুলো কোন দেশের পতাকা বহন করছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও গতকাল রাতে জানায়, তারা ওমানের খাসাবের উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) দূরে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে। এর আগে ওই এলাকায় আরও দুটি নৌযানে আগুন ধরার খবর জানিয়েছিল সংস্থাটি।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় মাইন বিস্ফোরণে একাধিক জাহাজে আগুন ধরার খবর দিয়েছে ইরান। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও দাবি করেছে, তারা জাহাজ চলাচলের প্রধান পথগুলো থেকে সব মাইন অপসারণ করেছে।

তবে গতকাল সেন্টকমের এই দাবিকে চ্যালেঞ্জ করে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এক্সে লিখেছেন, বিবৃতি না দিয়ে এই দাবির পক্ষে যথাযথ প্রমাণ দিতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বজুড়ে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার করা হয়, তার প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হতো।

হরমুজ প্রণালি বন্ধ করায় ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র; পাশাপাশি তেলবাহী জাহাজগুলোকে ইরানের হামলা থেকে রক্ষা করে চলাচলে সহায়তা করছে। গত রোববার সেন্টকম জানায়, গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে তারা সহায়তা করেছে।

গতকাল দেওয়া বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালির অনুমোদনহীন পথে মাইন পেতে রাখা হয়েছে। এসব পথে চলাচলের দায় জাহাজের মালিক ও নাবিকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের বিভ্রান্তিকর বক্তব্যে তাঁদের কান দেওয়া উচিত নয়।’

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

চীনের কমিউনিস্ট পার্টি থেকে রেকর্ড ৩৩ সদস্য বহিষ্কার, প্লেনামে ফাঁকা আসনের ছড়াছড়ি
আন্তর্জাতিক

চীনের কমিউনিস্ট পার্টি থেকে রেকর্ড ৩৩ সদস্য বহিষ্কার, প্লেনামে ফাঁকা আসনের ছড়াছড়ি

চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) থেকে রেকর্ড সংখ্যক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। দলের একটি বড় রাজনৈতিক সম্মেলন শেষে এ তথ্য জানা গেছে। সম্মেলনে অভূ…

ইসরায়েলের চূড়ান্ত ফলে আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন, ৬১ আসন পায়নি কোনো জোটই
আন্তর্জাতিক

ইসরায়েলের চূড়ান্ত ফলে আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন, ৬১ আসন পায়নি কোনো জোটই

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো। জয়েন্ট লিস্ট ও রা’আম সম্মিলিতভাবে ১৯টি আ…

ইরানে নতুন অভিযানের বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন শীর্ষ মার্কিন কমান্ডার কুপার
আন্তর্জাতিক

ইরানে নতুন অভিযানের বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন শীর্ষ মার্কিন কমান্ডার কুপার

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাম…

সিডনির শিশুযত্ন কেন্দ্রে নির্যাতনের অভিযোগে সাবেক কর্মীর বিরুদ্ধে আরও ২০২টি অভিযোগ
আন্তর্জাতিক

সিডনির শিশুযত্ন কেন্দ্রে নির্যাতনের অভিযোগে সাবেক কর্মীর বিরুদ্ধে আরও ২০২টি অভিযোগ

অস্ট্রেলিয়ার সিডনির একটি শিশুযত্ন কেন্দ্রে শিশুদের ওপর নির্যাতনের অভিযোগে সাবেক কর্মী অ্যাশলি পল গ্রিফিথের (৪৮) বিরুদ্ধে আরও ২০২টি অভিযোগ এনেছে নিউ স…