তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে হচ্ছে টিভি সিরিজ, চিত্রনাট্যে লেখিকা নিজেই

বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টিভি সিরিজ। এমি-মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউনের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য সাজাচ্ছেন তাহমিমা আনাম নিজেই।
অ্যালিসন ব্রাউন ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়াঙ্গার’, ‘আপলোড’ ও ‘স্টাক ইন দ্য মিডল’সহ অনেক জনপ্রিয় সিরিজের চিত্রনাট্য লিখে খ্যাতি পেয়েছেন।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে ব্রিটিশ-আমেরিকান প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস এবং কুডোস।
প্রকাশনাজগতের অন্দরমহলের নানা ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ‘গুড বুকস’ উপন্যাসের কাহিনি। নিউইয়র্কের এক বইয়ের দোকানে কর্মরত রায়া চ্যাটার্জি ও লন্ডনের স্বনামধন্য লিটারারি এজেন্ট প্রু ম্যাকনিলের অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে এগিয়েছে গল্প।
এই সাক্ষাতের পর রায়ার জীবনে আসে নতুন ক্যারিয়ারের সুযোগ। তাঁকে ফিরতে হয় জন্মশহর লন্ডনে এবং মুখোমুখি হতে হয় ফেলে আসা অতীতের নানা গোপন রহস্যের।
গত আগস্টে এডিনবরা আন্তর্জাতিক বইমেলায় উপন্যাসটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মেলায় একাধিক প্যানেল আলোচনায় অংশ নেন তাহমিমা আনাম। মেলা চলাকালেই যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেট বইটি প্রকাশের চুক্তি সম্পন্ন করে।
পাশাপাশি ক্যাননগেটের মার্কিন সহযোগী প্রতিষ্ঠান স্ক্রিবনার কিনে নেয় বইটির উত্তর আমেরিকার স্বত্ব। জানা গেছে, বইটি ২০২৮ সালে বাজারে আসবে।
চুক্তির সময় প্রকাশকদের পক্ষ থেকে বইটিকে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর এক সংমিশ্রণ হিসেবে উল্লেখ করা হয়। তাঁদের ভাষ্য, বই কীভাবে তৈরি হয়, কারা তৈরি করে, ইম্পোস্টার সিনড্রোম এবং বিশেষ করে মা-মেয়ের সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে উপন্যাসটিতে।
তাহমিমা আনাম ‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’সহ প্রশংসিত বেঙ্গল ট্রিলজির রচয়িতা। প্রথম উপন্যাসের জন্য তিনি কমনওয়েলথ রাইটার্স প্রাইজ এবং পরবর্তী সময়ে ও. হেনরি অ্যাওয়ার্ড অর্জন করেন। তাঁর উপন্যাস ‘আপরাইজিং’ অরওয়েল প্রাইজ ফর পলিটিক্যাল ফিকশন-এর সংক্ষিপ্ত তালিকায় ছিল।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পড়াশোনা করা তাহমিমা আনাম বর্তমানে রয়্যাল সোসাইটি অব লিটারেচারের একজন ফেলো।




