গোবিন্দগঞ্জে ধানক্ষেতে লুকিয়েও রেহাই পেলেন না ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজনু, ডিবির অভিযানে আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে (৪৬) ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকার একটি ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করেন ডিবি সদস্যরা।
আটক মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।
তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়।
আটকের পর মজনু সরকারকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান ওসি। দুপুরের মধ্যে তাঁকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আব্দুল মোত্তালিব সরকার আরও জানান, আটক মজনু সরকারের বিরুদ্ধে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।




