…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

তাহসিফের মামলা তদন্ত করছে নৌ পুলিশ, লাশের ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
তাহসিফের মামলা তদন্ত করছে নৌ পুলিশ, লাশের ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই পুলিশ সুপার আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌ পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো কাজ করে যাচ্ছে পিবিআই। প্রাপ্ত সব তথ্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং হবে।

এদিকে এ ঘটনায় নতুন আলামত হিসেবে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নদীর যেখান থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়, সেখান থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় ওই মোটরসাইকেল পাওয়া গেছে।

শুক্রবার সকালে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল বলেন, ‘আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’ তবে মোটরসাইকেলটি ভিকটিমের কি না, তা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন পিবিআইয়ের কর্মকর্তারা।

এ ঘটনায় তাহসিফের বন্ধু সমতুল্য ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে আটক করে হেফাজতে নেয় পিবিআই। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

শুক্রবার সকালে পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাহসিফের মৃত্যুকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল আরও বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’ তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি।

উল্লেখ্য, তাহসিফ নিখোঁজ হওয়ার আগের সময়ের সিসিটিভি ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের বন্ধু দীপ হিসেবে শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তাঁরা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়ে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। দীপ সাংবাদিকদের জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা থাকায় তাঁরা ওয়ার্কশপে যান। মোটরসাইকেল ঠিক করার পর তাঁরা বাসায় ফিরে খাবার খান। এরপর দীপ নিজ বাসায় চলে যান বলে দাবি করেন। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সৌরির বলে শনাক্ত করা হয়।

পরদিন বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকাল সাড়ে ৪টা ৩৫ মিনিটে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তাঁর বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে হত্যার আশঙ্কার কথা জানিয়েছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গোবিন্দগঞ্জে ধানক্ষেতে লুকিয়েও রেহাই পেলেন না ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজনু, ডিবির অভিযানে আটক
আইন ও অপরাধ

গোবিন্দগঞ্জে ধানক্ষেতে লুকিয়েও রেহাই পেলেন না ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজনু, ডিবির অভিযানে আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে (৪৬) ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করেছে জেলা গো…

গাজীপুরের নাওজোড়ে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিক সাকিব নিহত, আহত দুই সহকর্মী
আইন ও অপরাধ

গাজীপুরের নাওজোড়ে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিক সাকিব নিহত, আহত দুই সহকর্মী

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই সহকর্মী আহত হয়েছেন। শু…

আইন ও অপরাধ

রাজবাড়ীতে মা ইলিশ অভিযান শেষ: জাল জব্দ ও সাজা দুটোই কমেছে গত বছরের চেয়ে

রাজবাড়ীতে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জব্দ করা অবৈধ জালের পরিমাণ ও কারাদণ্ডপ্রাপ্ত জেলের স…

খুলনায় ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকিতে বন্ধ টুটপাড়ার ‘চয়নিকা’ ফার্মেসি, ঘর ছেড়েছেন ব্যবস্থাপক
আইন ও অপরাধ

খুলনায় ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকিতে বন্ধ টুটপাড়ার ‘চয়নিকা’ ফার্মেসি, ঘর ছেড়েছেন ব্যবস্থাপক

খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ওষুধের দোকান ‘চয়নিকা ফার্মেসি’র মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছে।…