…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই ঘাট ছাড়ল পাথরঘাটার শত শত ট্রলার, ইলিশের আশায় সাগরে জেলেরা

নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই ঘাট ছাড়ল পাথরঘাটার শত শত ট্রলার, ইলিশের আশায় সাগরে জেলেরা
ছবি: সংগৃহীত

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর বরগুনার পাথরঘাটা থেকে শত শত ট্রলার সাগরের উদ্দেশে ঘাট ছেড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রত্যাশা নিয়ে মাছ ধরতে যাত্রা শুরু করেছেন উপকূলের জেলেরা।

জাতীয় মাছ ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি, মজুত ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। ইলিশের প্রজননকাল ও আশ্বিন মাসের পূর্ণিমা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

টানা ২২ দিন কর্মহীন সময় পার করার পর আবার সাগরে যেতে পেরে জেলেদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এবার জালে প্রচুর ইলিশ ধরা পড়বে—এমন প্রত্যাশা নিয়েই তাঁরা সাগরে পাড়ি জমিয়েছেন।

জেলেরা জানান, দীর্ঘদিন পর সাগরে যাওয়ার সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত। ট্রলারে জাল, বরফ, জ্বালানি তেল ও খাবারসহ মাছ ধরার প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রস্তুত করেই তাঁরা রওনা দিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সাগরে ইলিশের ভালো বিচরণ পাওয়া যাবে এবং ট্রলার মাছ বোঝাই করে ঘাটে ফিরতে পারবেন।

পাথরঘাটার জেলে আলমগীর মাঝি, সেলিম নাজির, আলম ফিটার, জাকির মাঝি ও কালাম খান বলেন, নিষেধাজ্ঞার আগের দিন তাঁরা সাগর থেকে ফিরে এসেছিলেন। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ট্রলারে বরফ, জ্বালানি তেল ও খাবারসহ প্রয়োজনীয় সবকিছু তুলে রাতেই তাঁরা সাগরের উদ্দেশে রওনা দিয়েছেন এবং এবার প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন জানান, নিষেধাজ্ঞার সময় জাল ও ট্রলার মেরামতসহ মাছ ধরার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পরপরই উপকূলের শত শত মাছ ধরার ট্রলার সাগরের উদ্দেশে ঘাট ছেড়েছে।

তবে উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া নিয়ে জেলেদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে বলে জানান মাসুম আকন। নিরাপদে মাছ ধরতে জেলেরা আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখছেন। দীর্ঘ অপেক্ষার পর এখন সবার প্রত্যাশা, জালভর্তি ইলিশ নিয়ে নিরাপদে ঘাটে ফেরা।

সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বিগত বছরগুলোর মতো এবারও বরগুনার জেলেরা সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করেছেন। নিষেধাজ্ঞা চলাকালে কোনো জেলেকে নদী বা সাগরে জাল ফেলতে দেখা যায়নি। তাঁর ভাষ্য, ইলিশের প্রজনন নিশ্চিত করতে সরকার অনেকটাই সফল হয়েছে।

গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত জাটকা রক্ষা করা। জাটকা সংরক্ষণ করা গেলে আগামীতে ইলিশের উৎপাদন আরও কয়েক গুণ বাড়বে বলে তাঁরা আশা করেন।

পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, নিষেধাজ্ঞার মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় অসাধু জেলেদের ইলিশ শিকারের খবর পাওয়া গেলেও পাথরঘাটা ছিল এর ব্যতিক্রম। এখানকার কোনো জেলে নিষিদ্ধ সময়ে নদী-সাগরে জাল ফেলেননি। জেলে, মহাজনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় এবারের নিষেধাজ্ঞা সফল হয়েছে বলে তিনি জানান।

এদিকে নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটায় ট্রলার ধোয়া-মোছার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাচ্চু (৫০) নামে আরও এক জেলে আহত হয়েছেন।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সাগর উত্তাল থাকায় নিষেধাজ্ঞা শেষের প্রথম দিনেই জেলেরা গভীর সমুদ্রে যেতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

কৃষি বিভাগের আরও খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মকর্তার উপস্থিতিতেই কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে সার বিক্রির অভিযোগ, মজুতে গরমিল
কৃষি

গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মকর্তার উপস্থিতিতেই কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে সার বিক্রির অভিযোগ, মজুতে গরমিল

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে বিসিআইসি অনুমোদিত সার ডিলার তমাল চন্দ্র সাহার বিরুদ্ধে। একই সঙ্গ…

যমুনার ভাঙনে দুইবার ঘর হারিয়েও ঘুরে দাঁড়িয়েছেন কাজীপুরের চরের নারীরা: ভেড়া-ছাগল আর আঙিনার সবজিতেই সচ্ছলতা
কৃষি

যমুনার ভাঙনে দুইবার ঘর হারিয়েও ঘুরে দাঁড়িয়েছেন কাজীপুরের চরের নারীরা: ভেড়া-ছাগল আর আঙিনার সবজিতেই সচ্ছলতা

নদীর ভাঙন কেড়ে নেয় বসতভিটা, গ্রাস করে ফসলি জমি। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরের নারীরা সেই ভাঙনের মুখে বারবার ঠিকানা বদলেছেন। তবু তাঁরা হার মানেননি…

কৃষি

মেহেরপুরের গাংনীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত…

কৃষি

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার, চলতি অর্থবছরে লক্ষ্য ৪৩ লাখ

দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী…