ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত, তবে এমন যুদ্ধ মস্কো চায় না: পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে, তবে মস্কো এমন কোনো যুদ্ধ চায় না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চলতি সপ্তাহে নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে ফোনালাপের পর পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের যেকোনো উদ্যোগকে তিনি সমর্থন করেন।
২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, 'আমরা প্রস্তুত, কিন্তু ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না। তবে তাদের কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতেই চায়, তাহলে তারা তা নিতে পারে।'
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের অবস্থান ব্যক্ত করেছিলেন পুতিন। সে সময় তিনি বলেছিলেন, রাশিয়া ইউরোপের সঙ্গে লড়াই করার পরিকল্পনা করছে না; কিন্তু ইউরোপ যদি হঠাৎ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে রাশিয়া এখনই প্রস্তুত।
পুতিন দাবি করেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার যে লক্ষ্য পশ্চিমা দেশগুলো নিয়েছিল, তা অর্জনে তারা ব্যর্থ হয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ বেধে গেলে কেউ বিজয়ী হবে না। এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



