ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, গ্রীষ্মের আগে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর
ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে সরকার কাজ করছে। আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়নের দাবি করে উৎসব পালন করলেও বাস্তবে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি।
তিনি বলেন, ময়মনসিংহ বিভাগেও বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগতে হয়েছে। বর্তমান সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
মন্ত্রীর ভাষায়, ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষ উৎসাহিত হবে। এতে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি দেশের সামগ্রিক বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
কর্মসূচির প্রাথমিক পর্যায়ে ভালুকায় দুটি আবাসিক ভবনের ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস. এম. মনিরুল ইসলাম। কর্মসূচি নিয়ে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল।
এ ছাড়া বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই কর্মসূচির মাধ্যমে দেশের আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি ও সম্প্রসারণের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে কাজ করছে ইডকল ও বিআইএফএফএল।


-5c29c4.jpg)

