লাভরভের সঙ্গে ছবিতে ইউরোপীয় কূটনীতিকদের আপত্তি, বাতিল হলো জি২০-র দলগত ছবি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পাশে ছবি তোলা নিয়ে কয়েকজন ইউরোপীয় কূটনীতিক আপত্তি তোলায় বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির জোট জি২০-র পররাষ্ট্রমন্ত্রীদের পরিকল্পিত দলগত ছবিটি শুক্রবার বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আপত্তি তোলা কূটনীতিকেরা ছবি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছিলেন।
বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা জানান, আরও বিতর্ক এড়াতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছবিটি বাতিলের সিদ্ধান্ত নেন।
আলোচনার সূচনা করে রুবিও বলেন, তিনি একটি ‘ফলপ্রসূ বৈঠক’ আশা করছেন। তিনি বলেন, ‘আমরা এক সংকটময় মুহূর্তে আছি — আমি একে বেছে নেওয়ার মুহূর্ত বলব, শুধু আমার দেশ যুক্তরাষ্ট্রের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই।’
রুবিও আরও বলেন, ‘আমরা পরস্পরসংযুক্ত একগুচ্ছ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি,’ যার অনেকগুলোই ‘বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার অপরিহার্য ভিত্তির জন্য গুরুতর হুমকি’ তৈরি করছে।
ঐতিহ্যবাহী দলগত ছবি বাতিলের ঘটনাটি জি২০-র ভেতরের টানাপোড়েনকেই সামনে এনেছে। ইউক্রেন যুদ্ধ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ, মার্কিন শুল্ক এবং দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের মতো বিষয়ে কূটনীতিকদের কঠিন আলোচনার মুখে পড়তে হচ্ছে।
পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি আটলান্টায় গণমাধ্যমকে বলেন, দলগত ছবি বাতিল করা যুক্তরাষ্ট্রের ‘সঠিক সিদ্ধান্ত’ ছিল। তিনি বলেন, ‘লাভরভের সঙ্গে ছবি তুলতে না চাওয়া ব্যক্তি আমি একা নই।’
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন, ‘রাশিয়ার সঙ্গে স্বাভাবিকতা নেই,’ তবে ‘টেবিলে বসে বিতর্কগুলো নিয়ে আমাদের মতবিনিময় করতেই হবে।’ জার্মান বার্তা সংস্থা ডিপিএ-র বরাতে তিনি আরও বলেন, ‘আমাদের ভুলভাবে আশাবাদী সংকেতও পাঠানো উচিত নয়।’
ছবি নিয়ে বিরোধের আগেই ইউক্রেনে হামলা জোরদার হওয়ার মধ্যে রাশিয়াকে আমন্ত্রণ জানানো নিয়ে জি২০-র কয়েকটি দেশ উদ্বেগ জানিয়েছিল।
মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা ট্রাম্প মওকুফ করার পর এবং কিয়েভের জন্য লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে সীমিত করার পর যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কেও টান বেড়েছে।




