টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদী থেকে আওয়ামী লীগ নেতা ইউনুস আল মুর্শেদের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের লৌহজং নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। তিনি কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানা গেছে, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান।
সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাঁকে খুঁজতে যান। পরে সেখানে নদীতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান তাঁরা।
স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তা ছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাঁকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে, তাঁর দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে তাঁর কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয় বলে তিনি মন্তব্য করেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’



