‘ভবিষ্যতের জোট’ গড়ল ইইউ ও কানাডা, প্রথম ‘সহযোগী সদস্য’ হতে যাচ্ছে অটোয়া
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা ‘ভবিষ্যতের জোট’ নামে নতুন অংশীদারত্ব চালু করেছে, যার আওতায় অটোয়া ব্লকটির প্রথম তথাকথিত ‘সহযোগী সদস্য’ হতে প্রস্তুতি নিচ্ছে। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে দুই পক্ষ একটি ডিজিটাল বাণিজ্য চুক্তিও সই করেছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্ট্রিয়লে কানাডা-ইইউ শীর্ষ সম্মেলনের আয়োজন করেন এবং ডিজিটাল বাণিজ্য চুক্তিসহ আরও কয়েকটি চুক্তি সই করেন। শুক্রবারের এই সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও উপস্থিত ছিলেন।
‘সহযোগী সদস্য’ শব্দটির কোনো আইনি ভিত্তি নেই এবং কিছু ইইউ সদস্যরাষ্ট্র এটি নিয়ে আপত্তি জানিয়েছে। তবে শব্দটির ব্যবহার কানাডা ও ইইউর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার আকাঙ্ক্ষাকেই তুলে ধরে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের প্রথাগত মিত্রদের নিজের নিয়মে না চললে বাণিজ্য শুল্কের হুমকি দিয়ে যাচ্ছেন।
কার্নি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, কানাডা ও ইইউ সম্ভাব্য সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়তে কাজ করছে, যা পূর্ণ সদস্যপদ থেকে অনেক দূরে থাকবে, কিন্তু কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করবে। মন্ট্রিয়লে বিশটির বেশি পদক্ষেপ প্রতিষ্ঠা করে বড় অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান, যেগুলো জীবনযাত্রার ব্যয় কমাবে, সুযোগ তৈরি করবে এবং আটলান্টিকের দুই পারের সার্বভৌমত্ব নিশ্চিত করবে।
সম্মেলনের পর যৌথ বিবৃতিতে দুই পক্ষ জানায়, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক কানাডার গুরুত্বপূর্ণ সম্পদে, বিশেষ করে কাঁচা খনিজে বিনিয়োগ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা বিষয়েও সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে।
যৌথ বিবৃতিতে বলা হয়, আরও বিপজ্জনক ও বিভক্ত বিশ্ব সার্বভৌমত্বের প্রয়োজনীয়তা মৌলিকভাবে বদলে দিয়েছে; শুধু নিজেদের খাদ্য, জ্বালানি ও প্রতিরক্ষা জোগালেই এখন আর চলবে না। প্রকৃত সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর, পেমেন্ট ব্যবস্থা, জ্বালানি, টিকা, মহাকাশভিত্তিক যোগাযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তায় নিরাপদ প্রবেশাধিকার দরকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বৈঠকের আলোচ্যসূচিতে ইউক্রেনও ছিল। কার্নি কিয়েভের জন্য ইইউর ৯ হাজার কোটি ইউরোর (১০ হাজার ৩০০ কোটি ডলার) সহায়তা ঋণে কানাডার অংশগ্রহণের ঘোষণা দেন। তিনি জানান, কানাডা প্রাথমিকভাবে ৫০ কোটি ইউরো (৫৫ কোটি ৮০ লাখ ডলার) অবদান রাখবে।
কানাডা ও ইইউর শিক্ষার্থীদের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে সম্মেলনে। দুই পক্ষ জানিয়েছে, ইইউর প্রধান শিক্ষার্থী বিনিময় কর্মসূচি ইরাসমাস প্লাসে অটোয়ার অংশগ্রহণ গভীর করতে তারা আলোচনা শুরু করবে।
কার্নি ও ট্রাম্প বর্তমানে বাণিজ্য বিরোধে জড়িত, দুই দেশের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা চলছে।


