…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা সুন্নত—প্রচলিত এই ধারণা কতটা সঠিক, কী বলছে ইসলামি বিধান

নিজস্ব প্রতিবেদক
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা সুন্নত—প্রচলিত এই ধারণা কতটা সঠিক, কী বলছে ইসলামি বিধান
ছবি: সংগৃহীত

প্রাণী পালন নিয়ে একটি কথা খুব প্রচলিত—‘কুকুর পোষা পাপ, আর বিড়াল পোষা সুন্নত’। সাধারণ মানুষের মনে এই ধারণা এতটাই বদ্ধমূল যে অনেকেই কুকুরকে ঘৃণার চোখে দেখেন, আবার বিড়ালকে পরম আদরে ঘরে স্থান দেন। এই প্রচলিত কথার ভিত্তি এবং কুকুর ও বিড়াল পালনের প্রকৃত ইসলামি বিধান কী, তা নিয়েই এই প্রতিবেদন।

ইসলাম মূলত সব সৃষ্টির প্রতি দয়া ও সহমর্মিতার ধর্ম। প্রাণী পালনের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট কিছু ভারসাম্যপূর্ণ নীতিমালা রয়েছে।

বিনা প্রয়োজনে শুধু শখ করে বা আভিজাত্য প্রকাশ করতে ঘরের ভেতর কুকুর পোষা ইসলামে নিষিদ্ধ। মহানবী (সা.) বলেছেন, ‘যে ঘরে কুকুর বা প্রাণী ও মানুষের ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২২৫)

হাদিসে আরও এসেছে, ‘যে ব্যক্তি শিকার করা বা গবাদিপশু পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পোষে, তার আমল থেকে প্রতিদিন দুই ‘কিরাত’ পরিমাণ পুণ্য কমে যায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৫৭৫) কুকুরের লালা অপবিত্র এবং এর থেকে বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকির কারণে ইসলাম একে মানুষের বাসস্থানে রাখতে নিরুৎসাহিত করেছে।

তবে কুকুর পোষা মানেই পাপ—এই ঢালাও ধারণা সঠিক নয়। ইসলামে আত্মরক্ষা, ফসল পাহারা, গবাদিপশুর নিরাপত্তা, অপরাধী শনাক্ত করা এবং শিকারের মতো যৌক্তিক ও বিশেষ প্রয়োজনে কুকুর পোষার সুস্পষ্ট অনুমতি রয়েছে।

পবিত্র কোরআনে শিকারি কুকুরের কথা উল্লেখ করা হয়েছে, ‘তোমরা যেসব শিকারি প্রাণীকে আল্লাহর দেওয়া জ্ঞান থেকে শিক্ষা দিয়ে শিকার করা শিখিয়েছ, তারা তোমাদের জন্য যা ধরে আনে, তা থেকে তোমরা খাও।’ (সুরা মায়িদা, আয়াত: ৪)

নিরাপত্তা, শিকার বা পাহারার মতো যৌক্তিক প্রয়োজনে কুকুর পালন করা ইসলামে সম্পূর্ণ বৈধ; তবে এসব ক্ষেত্রেও কুকুরকে মানুষের থাকার ঘরের বাইরে আলাদা স্থানে রাখতে হবে। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৬/৩৮৭)

ঘরে রাখা নিষিদ্ধ হওয়ার অর্থ এই নয় যে কুকুরকে ঘৃণা করতে হবে বা অকারণে কষ্ট দিতে হবে। পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে এক পাপী নারীর বেহেশত লাভের বিখ্যাত ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ৩৩২১) অর্থাৎ, সৃষ্টির অংশ হিসেবে কুকুরের প্রতি দয়া দেখানো সওয়াবের কাজ।

অন্যদিকে বিড়াল পরিষ্কার ও পরিচ্ছন্ন প্রাণী। নবীজির প্রিয় সাহাবি আবদুর রহমানের একটি বিড়ালছানা ছিল, যে কারণে তিনি তাঁকে আদর করে ‘আবু হোরাইরা’ বলে ডাকতেন। মহানবী (সা.) বলেছেন, ‘বিড়াল অপবিত্র নয়; এরা তো তোমাদের আশপাশেই ঘোরাফেরা করে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৭৫) বিড়ালের এঁটো বা লালা অপবিত্র নয়।

তবে ‘বিড়াল পোষা সুন্নত’—এমনটি কোথাও বলা হয়নি। ইসলামি ফিকহের পরিভাষায় বিড়াল পোষা বৈধ (মোবাহ) কাজ। ইমাম নববি লিখেছেন, বিড়াল পালন করা বৈধ এবং এটি পবিত্র প্রাণী; কেউ যদি বিড়াল পোষে এবং তাকে পর্যাপ্ত খাবার ও পানি দিয়ে দয়া প্রদর্শন করে, তবে সে এর বিনিময়ে সওয়াব লাভ করবে। (নববি, আল-মিনহাজ শারহু সহিহ মুসলিম, ৩/২১৩) তবে একে ধর্মীয় ইবাদত বা ‘সুন্নত’ মনে করার কোনো ভিত্তি নেই।

বিড়াল পালনের অনুমতি থাকলেও এর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন ইসলামে অপরাধ। একটি বিড়ালকে আটকে রেখে অনাহারে মেরে ফেলার কারণে এক নারীর দোজখে যাওয়ার ঘটনা মহানবী (সা.) বর্ণনা করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৪৮২) তাই শখ করে বিড়াল পুষলে তার খাবার, পানি ও চিকিৎসার সঠিক যত্ন নেওয়া আবশ্যক।

সব মিলিয়ে, শখ করে ঘরের ভেতর কুকুর রাখা নিষেধ হলেও প্রয়োজনে বাইরে পালন করা বৈধ। অন্যদিকে বিড়াল পোষা বৈধ হলেও এটি সরাসরি কোনো সুন্নত নয়। ইসলাম প্রতিটি প্রাণীর অধিকার ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতন হওয়ার শিক্ষা দেয়।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দুই বাড়ি ভাঙচুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং দুটি বা…

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের উপস্থিতি, আগুন নিয়ন্ত্রণে আরও ১৫ দিন লাগতে পারে: বাপেক্স
জাতীয়

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের উপস্থিতি, আগুন নিয়ন্ত্রণে আরও ১৫ দিন লাগতে পারে: বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানী ইউনিয়নে গভীর নলকূপ খননের সময় বেরিয়ে আসা গ্যাসের সঙ্গে এবার তেলের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্…

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল: সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী
জাতীয়

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল: সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৯টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হ…

মালয়েশিয়া থেকে কফিনবন্দি ফিরলেন পীরগঞ্জের মনিরুল, মৃত্যুর কারণ এখনো জানেন না স্বজনেরা
জাতীয়

মালয়েশিয়া থেকে কফিনবন্দি ফিরলেন পীরগঞ্জের মনিরুল, মৃত্যুর কারণ এখনো জানেন না স্বজনেরা

সংসারের অভাব ঘোচাতে একমাত্র ছেলে মনিরুল ইসলামকে বিদেশে পাঠিয়েছিলেন মা-বাবা। মালয়েশিয়ায় থাকা ছেলের পাঠানো সামান্য টাকায় কোনোমতে চলছিল চার সদস্যের …