নিউইয়র্কে স্কুলে যাওয়ার পথে তাড়া করে গুলি, ঘানা থেকে আসা ১৫ বছরের জাভিটস নিহত

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে স্কুলে যাওয়ার পথে তাড়া করে গুলি করে হত্যা করা হয়েছে ঘানা থেকে আসা ১৫ বছর বয়সী কিশোর জাভিটস ফ্রিমপংকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। জাভিটসের বাবা টমাস ফ্রিমপং বলেছেন, স্কুলে তার ছেলেকে উত্যক্ত (বুলিং) করা হচ্ছিল।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ব্রঙ্কসের করোনা পার্কের কাছে গুলির ঘটনার খবর পায় পুলিশ। সকাল প্রায় ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা জাভিটসকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় পান।
জাভিটসকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটির তদন্ত চলছে এবং গুলির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন কিশোরকে খুঁজছে কর্তৃপক্ষ।
নজরদারি ক্যামেরার ফুটেজে জাভিটসকে দৌড়াতে দেখা গেছে বলে জানা গেছে; তার পেছনে ছিল পুরো কালো পোশাক পরা একজন। অন্য কোণ থেকে পাওয়া ভিডিও ফুটেজে অন্ধকার পোশাক পরা মুখোশধারী ব্যক্তিদের ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে।
এই প্রাণঘাতী হামলা ব্রঙ্কসের ক্লেয়ারমন্ট এলাকা এবং শহরের পশ্চিম আফ্রিকান সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে কিশোরটির বাবা টমাস ফ্রিমপং বলেন, ‘আমি তাকে হারালাম। এখন আমি কী করব, জানি না।’
ফ্রিমপং জানিয়েছেন, ঘানা থেকে নিউইয়র্কে আসার পর জাভিটসের এক বছর পূর্ণ হয়েছিল। তিনি তার ছেলেকে ‘মেধাবী’ ও ‘শান্ত’ বলে বর্ণনা করেছেন। ফ্রিমপংয়ের ভাষ্য অনুযায়ী, ড্রিমইয়ার্ড প্রিপারেটরি স্কুলে জাভিটসকে উত্যক্ত করা হচ্ছিল।
ফ্রিমপং বলেছেন, স্কুলটির অধ্যক্ষ সম্প্রতি তাকে জানিয়েছিলেন, জাভিটসকে হয়রানি করার জন্য দুই শিক্ষার্থীকে বরখাস্ত করা হয়েছে। ফোন বা ইমেইলে যোগাযোগ করেও অধ্যক্ষের মন্তব্য পাওয়া যায়নি।
উত্যক্ত করার খবরগুলো এই হামলার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে শুক্রবার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এনওয়াইপিডির মুখপাত্র।
ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকওয়া শুক্রবার এক বিবৃতিতে এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা ন্যায়বিচার নিশ্চিত করব এবং যারা এটি করেছে, তারা যেন পার না পায়, তা নিশ্চিত করব।’
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংগঠন ঘানা ডায়াসপোরা পাবলিক অ্যাফেয়ার্স কালেক্টিভও শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মাত্র এক বছর আগে জাভিটস তার বাবার সঙ্গে মিলিত হতে এবং জীবনের নতুন অধ্যায় শুরু করতে ঘানা থেকে যুক্তরাষ্ট্রে এসেছিল। অনেক ঘানার অভিবাসী পরিবারের মতো তার পরিবারও বড় সুযোগ, নিরাপত্তা ও প্রতিশ্রুতিময় ভবিষ্যতের আশায় আমেরিকায় একত্রিত হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘সেই ভবিষ্যৎ এখন সহিংসভাবে কেড়ে নেওয়া হয়েছে।’




