ট্রাম্পের গলফ কোর্স পরিকল্পনা নিয়ে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ: সরকারি আইনজীবীদের বিরুদ্ধে নৈতিকতা তদন্তের নির্দেশ মার্কিন বিচারকের
ওয়াশিংটনের ঐতিহাসিক একটি পাবলিক গলফ কোর্স রূপান্তরের পরিকল্পনা নিয়ে সরকারি আইনজীবীরা আদালতকে বিভ্রান্ত করেছেন কি না, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। ইস্ট পোটোম্যাক গলফ লিংকস নিয়ে চলমান আইনি লড়াইয়ে এই পদক্ষেপ বিরোধ আরও বাড়িয়ে দিল।
কলম্বিয়া জেলার মার্কিন জেলা আদালতের বিচারক আনা রেয়েস শুক্রবার জানান, সরকারি কর্মকর্তারা তথ্য গোপন করেছেন কি না বা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন কি না, তা পরীক্ষা করতে তিনি একজন বিশেষ মাস্টার নিয়োগ দেবেন। তদন্তে দেখা হবে, আইনজীবীদের আচরণ পেশাগত বা নৈতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না।
শুক্রবারের শুনানিতে বিচারক রেয়েস সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড জুনিয়রকে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। বারবার তিনি উডওয়ার্ডের সাক্ষ্যের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনলাইন ঘোষণার তুলনা করেন। ন্যাশনাল পার্ক সার্ভিসের কোনো কর্মকর্তাকে আদালতে দেওয়া ঘোষণা থেকে বিস্তারিত তথ্য বাদ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তাও তিনি জানতে চান।
বিরোধের কেন্দ্রে রয়েছে ট্রাম্পের নিজের সামাজিক মাধ্যমের ঘোষণা। এ মাসের শুরু থেকে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বড় ধরনের পুনর্উন্নয়নের জন্য ১৫ নভেম্বর থেকে কোর্সটি ১৫ মাস বন্ধ থাকবে। তিনি গলফ কোর্স স্থপতি টম ফাজিওকে ওই জায়গায় বিশ্বমানের চ্যাম্পিয়নশিপ গলফ কোর্স তৈরির দায়িত্ব দেওয়ার কথাও বলেছিলেন; উদ্যানের ওই জায়গায় বর্তমানে সাইকেল ও হাঁটার পথ রয়েছে।
অথচ বিচারকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র বিভাগ, বিচার বিভাগ ও ন্যাশনাল পার্ক সার্ভিসসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা এর আগে কোনো পরিকল্পনার অস্তিত্ব বা পরিধি নিশ্চিত করতে পারেননি। বুধবার পর্যন্ত বিচার বিভাগের আইনজীবীরা গলফ কোর্স নিয়ে কোনো পরিকল্পনার কথা স্বীকার করতে চাননি।
বুধবার বিচার বিভাগ আদালতকে জানায়, ন্যাশনাল পার্ক সার্ভিস শুক্রবার ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনের কাছে টম ফাজিওর একটি নকশা জমা দেবে। তার আগ পর্যন্ত সরকারের অবস্থান ছিল পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তার।
এ বছরের শুরুতেই বিচারক রেয়েস সরকারকে নির্দেশ দিয়েছিলেন, ওই জায়গায় বড় ধরনের নির্মাণকাজের আগে আদালতকে আগাম জানাতে হবে। কিন্তু সেই নির্দেশ সত্ত্বেও এ মাসে গলফ কোর্স থেকে ৪০০-র বেশি গাছ সরিয়ে ফেলার পর বিরোধ আরও তীব্র হয়। এরপর রেয়েস ওই জায়গায় আর কোনো 'অপরিবর্তনীয়' পরিবর্তন না আনার ওপর সরকারের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা বাড়িয়ে দেন।
ফেব্রুয়ারিতে মামলাটি করা ডিসি প্রিজারভেশন লিগের যুক্তি, এই পুনর্উন্নয়ন পরিবেশগত সুরক্ষা লঙ্ঘন করতে পারে এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি পাবলিক জায়গার ক্ষতি করতে পারে।
শুক্রবার ওয়াশিংটন নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে দুটি আইনি লড়াইয়ের একটি ছিল এই মামলা। আরেকজন মার্কিন বিচারকের সামনে একই দিনে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের কাছে হোয়াইট হাউসের প্রস্তাবিত ৭৫ মিটার (২৫০ ফুট) উঁচু স্মারক তোরণ নির্মাণের বিরুদ্ধে করা আরেকটি মামলার শুনানি হওয়ার কথা ছিল।
জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের অধ্যাপক ডেভিড সুপার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, মামলাগুলো নির্বাহী ক্ষমতার ওপর আইনি সীমা মেনে চলার ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের প্রতিফলন। তাঁর ভাষায়, আগে ধরে নেওয়া হতো যে আইনসম্মত কাজই করার চেষ্টা করা হবে।




