…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের ৩০ মাস করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন সামরিক সদস্যদের নিয়োগের চেষ্টার কথা স্বীকার করার পর লিরেন ‘রায়ান’ লাই (৪০) ও ইউয়ান্স চেন (৩৯) নামের এই দুজনকে ৩০ মাস করে কারাদণ্ড এবং তিন বছর করে তত্ত্বাবধানে মুক্তি (সুপারভাইজড রিলিজ) দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দুজনেই মার্কিন জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্যের বিনিময়ে ‘ডেড ড্রপ’ পদ্ধতিতে গোপন নগদ অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছিলেন। এ পদ্ধতিতে নির্দিষ্ট কোনো জায়গায় টাকা রেখে যাওয়া হয়, যেখান থেকে অন্য কেউ তা সংগ্রহ করে নেয়। বিবৃতি অনুযায়ী, তাঁরা কমপক্ষে ৩০ হাজার ডলারের এ ধরনের অর্থ লেনদেনে সহায়তা করার কথা স্বীকার করেছেন।

জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ বলেছেন, এই জুটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দুর্বল করতে এবং যুক্তরাষ্ট্রে চীনা গোয়েন্দা কার্যক্রম ও নিয়োগে সহায়তা করতে ‘দীর্ঘদিন ধরে চলা’, ‘ব্যাপক’ ও ‘নির্লজ্জ’ একটি চক্রান্ত চালিয়েছিলেন।

আদালতের নথি অনুযায়ী, লাই ও চেন ২০২১ সালের মে মাসের আগেই চীনের পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) এজেন্ট হিসেবে কাজ শুরু করেন।

লাই পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। তিনি স্থায়ী বাসিন্দা চেনকে এই চক্রান্তে নিয়োগ করেন এবং শুরুতে চেন ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন—পরে চেন সরাসরি তাঁর হ্যান্ডলারের কাছ থেকে নির্দেশ পেতে শুরু করেন।

২০২২ সালের মে মাসে তাঁরা চীন থেকে পাঠানো ১০ হাজার ডলার নগদ অর্থের একটি গোপন লেনদেনে সহায়তা করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট স্থানে টাকা ফেলে যেতে, যেখান থেকে অন্য কেউ তা তুলে নেবে। পরে তাঁরা একই ধরনের আরেকটি অভিযানে ২০ হাজার ডলারের অর্থ লেনদেনেও সহায়তা করেন।

অর্থ লেনদেনের বাইরেও দুজনে অন্য ধরনের গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন। এর মধ্যে একটি নৌঘাঁটি, সামরিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ও সক্রিয় দায়িত্বে থাকা নাবিকদের ছবি সংগ্রহের ঘটনা রয়েছে। চেন একজন মার্কিন নৌবাহিনীর কর্মীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন এবং সম্ভাব্য গোয়েন্দা লক্ষ্যবস্তু হতে পারেন এমন সামরিক সদস্যদের বিস্তারিত জীবনবৃত্তান্ত সংরক্ষণ করতেন।

তবে এই জুটি মোট কতবার এ ধরনের অর্থ লেনদেনে সহায়তা করেছেন কিংবা যুক্তরাষ্ট্রে কতজনকে সফলভাবে নিয়োগ করতে পেরেছেন, তা বিচার বিভাগ জানায়নি।

দুজন দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন: অ্যাটর্নি জেনারেলকে আগাম না জানিয়ে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্র এবং একইভাবে আগাম বিজ্ঞপ্তি ছাড়া বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করা। তাঁদের ২০২৫ সালের জুনে গ্রেপ্তার করে অভিযোগ আনা হয়েছিল।

প্রসঙ্গত, আগস্টের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি করে তা তিনি জানেন, তবে ‘আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি’। অন্যদিকে জুন মাসে চীন জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে তারা একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

চাঁদে পরমাণু চুল্লি বসানোর প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন

চাঁদে পরমাণু চুল্লি বসানোর প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এতে তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাচ্ছে। চুল…

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
আমেরিকা

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্রমবর্ধমান আকাশপথের হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।…

হাঁটুর চোটে আট থেকে দশ সপ্তাহ মাঠের বাইরে থান্ডারের চেট হলমগ্রেন
আমেরিকা

হাঁটুর চোটে আট থেকে দশ সপ্তাহ মাঠের বাইরে থান্ডারের চেট হলমগ্রেন

ডান হাঁটুর চোটে আট থেকে দশ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ওকলাহোমা সিটি থান্ডারের তারকা চেট হলমগ্রেনকে। মৌসুমের শুরুতেই এনবিএতে একের পর এক চোটের খবরের…

ছয় রাজ্যে নাগরিকত্ব শর্ত নিয়ে ভোট ৩ নভেম্বর, লক্ষাধিক ভোটার ছিটকে পড়ার আশঙ্কা অধিকারকর্মীদের
আমেরিকা

ছয় রাজ্যে নাগরিকত্ব শর্ত নিয়ে ভোট ৩ নভেম্বর, লক্ষাধিক ভোটার ছিটকে পড়ার আশঙ্কা অধিকারকর্মীদের

যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যের ভোটাররা ৩ নভেম্বর সিদ্ধান্ত নেবেন, ভোট দেওয়ার জন্য মার্কিন নাগরিকত্বকে শর্ত করতে রাজ্য সংবিধান বা রাজ্য আইন সংশোধনের প্র…