হাঁটুর চোটে আট থেকে দশ সপ্তাহ মাঠের বাইরে থান্ডারের চেট হলমগ্রেন

ডান হাঁটুর চোটে আট থেকে দশ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ওকলাহোমা সিটি থান্ডারের তারকা চেট হলমগ্রেনকে। মৌসুমের শুরুতেই এনবিএতে একের পর এক চোটের খবরের মধ্যে এটি থান্ডারের জন্য নতুন ধাক্কা।
থান্ডার জানিয়েছে, গত রোববার থেকে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন হলমগ্রেন। একাধিক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পর শুক্রবার তাঁর প্যাটেলার টেন্ডনের ছোট একটি ছেঁড়া অংশে বায়োলজিক্যাল চিকিৎসা দেওয়া হয়েছে।
হলমগ্রেনের আগেই বড় দুটি ধাক্কা খেয়েছে ওকলাহোমা সিটি। দলটি আগেই ধরে নিয়েছিল, জ্যালেন উইলিয়ামস ও ক্যাসন ওয়ালেসকে নিয়মিত মৌসুমের বাকি সময়ের অনেকটাই ছাড়া খেলতে হতে পারে।
উইলিয়ামস গত রোববার বাঁ পায়ের ফিবুলা ভেঙে ফেলেন এবং বাঁ গোড়ালি স্থানচ্যুত হয়। অস্ত্রোপচারের পর তাঁকেও নিয়মিত মৌসুম শেষ হওয়ার আগে আবার মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে থান্ডার।
ওয়ালেসের বাঁ কাঁধে ল্যাব্রাল ছেঁড়া ধরা পড়েছে। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই কার্লান-জোব ইনস্টিটিউটে চিকিৎসক নিল এলআত্রাশের অধীনে তাঁর অস্ত্রোপচার হয়েছে; সে সময় থান্ডারের চিকিৎসা দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। এই গার্ডকেও মৌসুম শেষ হওয়ার আগে পুনরায় মূল্যায়ন করা হবে।
চোটের এই ধারা শুধু থান্ডারেই সীমাবদ্ধ নয়। চলতি সপ্তাহের শুরুতে ইএসপিএন জানিয়েছে, মিনেসোটা টিম্বারওলভসের তারকা অ্যান্থনি এডওয়ার্ডসের ডান হাঁটুর অস্বস্তি সারাতে আর্থ্রোস্কোপিক প্রক্রিয়া লাগতে পারে। তিনবারের অল-স্টার এই খেলোয়াড় সেই কারণে দুই মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন।




