অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি ও ব্রিসবেনে ঝড়ের সতর্কতা, ১২৫ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক রাজধানী শহরে ঝড়ের সতর্কতা জারি রয়েছে। একটি তীব্র আবহাওয়া বলয় দেশজুড়ে এগিয়ে আসায় মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি ও ব্রিসবেনসহ বড় শহরগুলো এর আওতায় পড়েছে।
আবহাওয়া ব্যুরো (বিওএম) জানিয়েছে, রোববার পর্যন্ত ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের কিছু অংশে শিলাবৃষ্টি, ক্ষতিকর বাতাস এবং আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।
শনিবার বিকেলে মেলবোর্ন ও পূর্ব ভিক্টোরিয়ায় ভারী বৃষ্টি, বাতাস ও বজ্রঝড় আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছে। একটি শীতল বায়ুপ্রবাহ উষ্ণ ও আর্দ্র বাতাসের মুখোমুখি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ঝড়ের বলয়টি এরপর আরও পূর্বদিকে এগিয়ে ক্যানবেরা ও নিউ সাউথ ওয়েলসের অভ্যন্তরীণ এলাকায় প্রভাব ফেলবে। রোববার এটি পূর্ব উপকূলে পৌঁছাবে এবং দক্ষিণ কুইন্সল্যান্ড পর্যন্ত বিস্তৃত হবে।
বিওএম কিছু এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ১২৫ কিলোমিটারের বেশি বেগের ধ্বংসাত্মক বাতাস বড় গাছ উপড়ে ফেলতে বা সম্পত্তির ক্ষতি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শনিবার সকালে মেলবোর্ন ও ভিক্টোরিয়ার কিছু অংশে মাঝারি বৃষ্টি ও কিছু বজ্রপাত রেকর্ড হয়েছে। বিকেলে আরও তীব্র বজ্রঝড়ের একটি বলয় আসার পূর্বাভাস রয়েছে।
বিওএমের আবহাওয়াবিদ অ্যাঙ্গাস হাইনস শনিবার বলেন, পরের ধাপের এই ঝড়গুলোই সবচেয়ে জোরালো আঘাত হানতে পারে। তাঁর ভাষায়, এই অনুসরণকারী ঝড়ের বলয়টি ‘প্যাক আ পাঞ্চ’ করতে পারে।
ঝড়ের প্রভাব মেলবোর্ন, গিপসল্যান্ডের কিছু অংশ, উত্তর-পূর্বের পর্বতমালা ও উত্তর-মধ্য ভিক্টোরিয়ায় পড়ার আশঙ্কা রয়েছে, যেখানে ক্ষতিকর বাতাসই সবচেয়ে বড় ঝুঁকি।
সন্ধ্যার দিকে ঝুঁকির এলাকা আরও উত্তরে নিউ সাউথ ওয়েলসের অভ্যন্তর হয়ে কুইন্সল্যান্ডের দক্ষিণ অভ্যন্তর পর্যন্ত এবং সিডনির দক্ষিণে উলংগং ও ইলাওয়ারা এলাকায় উপকূল বরাবর বিস্তৃত হবে। এসব এলাকায় ক্ষতিকর বাতাস, ভারী বৃষ্টি ও বড় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাইনস বলেন, অনেক এলাকায় বিকেলের মাঝামাঝি থেকে শেষের দিকে ঝড় আসতে পারে, আর পূর্ব উপকূলে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে যেতে পারে।
রোববার উদ্বেগের কেন্দ্র আরও উত্তরে সরে যাবে। সেদিন বিকেল ও সন্ধ্যার প্রথম ভাগে ব্রিসবেনের আশপাশে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।
নিউ সাউথ ওয়েলসের মধ্য-উত্তর উপকূল, নর্দার্ন রিভার্স, টেবিলল্যান্ডের কিছু অংশ ও হান্টার অঞ্চলে তীব্র বজ্রঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঘণ্টায় ১২৫ কিলোমিটারের বেশি বেগের ধ্বংসাত্মক বাতাস হতে পারে।
গত দুই সপ্তাহে যেসব এলাকায় বেশি বৃষ্টি হয়েছে, সেগুলোতেও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে হাইনস জানিয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দাদের রোববার রাডারের দিকে নজর রাখতে বলেছেন।
রোববারের জন্য বিস্তৃত উদ্বেগের এলাকা সিডনির উত্তরে নিউক্যাসল থেকে সানশাইন কোস্টের গিম্পি পর্যন্ত বিস্তৃত।
উত্তর ভিক্টোরিয়া ও দক্ষিণ নিউ সাউথ ওয়েলসের পাহাড়ি এলাকায় তীব্র বাতাসের সতর্কতাও জারি রয়েছে। শনিবার সকালে সেখানে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া রেকর্ড হয়েছে।




