আশুলিয়ায় মজুরি ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অন্তত ১১ কারখানায় ছুটি; ইটপাটকেলে পুলিশ সদস্য আহত

ঢাকার আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় নাঈম নিটওয়্যারসহ অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, বিক্ষোভরত শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে বিক্ষোভরত শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন বলে পুলিশ সুপার জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কাঠগড়া আমতলা এলাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা জানান, তাদের কারখানাসহ আশপাশের দুই-তিনটি ছাড়া অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
কারখানাগুলোতে ছুটি ঘোষণার পর কাঠগড়াসহ আশপাশের এলাকার পরিস্থিতি পুলিশ পর্যবেক্ষণে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




