মিরপুর টেস্টে কিং-ক্যাম্পবেলের ঝোড়ো শুরুতে চাপে বাংলাদেশ, ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৪ ওয়েস্ট ইন্ডিজের

মিরপুর টেস্টে মাত্র ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার আগে ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ৬৪ রান।
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আর মাত্র ১০৬ রান। অন্যদিকে ম্যাচ বাঁচাতে হলে বাংলাদেশের প্রয়োজন ১০ উইকেট।
সেই পথে শুরুতেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ক্যারিবীয় দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জন ক্যাম্পবেল। তাদের উদ্বোধনী জুটি বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াচ্ছে।
স্পিনসহায়ক উইকেটে বাংলাদেশের দুই অভিজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম প্রথম পাঁচ ওভারে কোনো সাফল্য পাননি। বরং তাদের সামলিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তুলছেন কিং ও ক্যাম্পবেল। পুরোপুরি ওয়ানডে মেজাজে ব্যাট চালাচ্ছেন ক্যারিবীয় দুই ওপেনার।
এর মধ্যে বৃষ্টির কারণে আবারও বন্ধ হয়েছে খেলা। আলোকস্বল্পতা কিংবা বৃষ্টির কারণে আগের তিন দিনও একাধিকবার খেলা বন্ধ হয়েছে, চতুর্থ দিনেও সেই একই চিত্র দেখা গেল।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাইম হাসান। টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে দলের সংগ্রহ ১৪২ রানে নিয়ে যান এই অফস্পিনার, তার ব্যাট থেকে আসে ৫২ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে রোস্টন চেজ ৫টি এবং জোমেল ওয়ারিক্যান ৪টি উইকেট নেন।




