মিরপুর টেস্টে চা বিরতিতে বিনা উইকেটে ৮৭ ওয়েস্ট ইন্ডিজের, জয়ের আরও কাছে ক্যারিবীয়রা
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে জয়ের আরও কাছে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭০ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত ১৭ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ৮৭ রান করেছে ক্যারিবীয়রা।
দুই ওপেনারই সমানতালে রান তুলেছেন। ব্র্যান্ডন কিং ৬২ বলে ৪০ রানে এবং জন ক্যাম্পবেল ৪৫ বলে ৩৯ রানে ব্যাট করছেন চা বিরতির সময়।
এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৪২ রানে। জোমেল ওয়ারিকান ও রস্টন চেজদের ঘূর্ণিতে কুপোকাত হয় বাংলাদেশের ব্যাটিং। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।
বাংলাদেশের বিপর্যয়ের শুরুটা হয়েছিল আগেই — ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা। তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম ও লিটন দাস — প্রথম সারির এই তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত দুই অঙ্ক পেরোলেও ফিফটি আসেনি তাঁদের ব্যাটে। স্বীকৃত ব্যাটাররা যা করতে পারেননি, তা করে দেখান নাঈম হাসান — তাঁর প্রথম টেস্ট ফিফটিতেই বাংলাদেশ লড়াই করার মতো পুঁজি পায়।
চতুর্থ দিনে দুই দফা বৃষ্টি বাগড়া দিয়েছে। একবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের মাঝে, আরেকবার ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ার সময়। ক্যারিবীয়রা ৬৩ রান করার পর বৃষ্টিতে ২৮ মিনিট খেলা বন্ধ ছিল।
১৭০ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ ওভারে বিনা উইকেটে ৮ রান করার পর লাঞ্চ ঘোষণা করা হয়। সেই ওভারেই ক্যাম্পবেলের বিপক্ষে তিনবার এলবিডব্লুর আবেদন করেন মেহেদী হাসান মিরাজ, কোনোবারই আম্পায়ার সাড়া দেননি।
লাঞ্চের পর খেলা শুরু হলে নাঈম হাসান ও তাইজুল ইসলামও এলবিডব্লুর আবেদন করেন, আম্পায়ার তাতেও সাড়া দেননি। নাজমুল হোসেন শান্ত দুইবার রিভিউ নিলে আম্পায়ার্স কলে বেঁচে যান ক্যারিবীয় ওপেনাররা।
কম পুঁজি নিয়ে প্রতিটি উইকেটের জন্য অপেক্ষার মধ্যে রিভিউ নিয়েও উইকেট না পাওয়ার হতাশা ফুটে ওঠে শান্তর চেহারায়। তাইজুল, মিরাজ ও নাঈম ওভারের পর ওভার করে গেলেও চা বিরতি পর্যন্ত উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
বরাবরের মতো চতুর্থ দিনের দুপুরেই শেরেবাংলার ফ্লাডলাইট জ্বালানো হয়। বেলা ২টা ১০ মিনিটে চা বিরতি দেওয়ার কথা থাকলেও ৩-৪ মিনিট আগেই বিরতি দেওয়া হয়।




