কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের সমাপনী সমাবেশের মঞ্চ প্রস্তুত, মোতায়েন ৪৫০ পুলিশ

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ ঘিরে কুষ্টিয়ায় মঞ্চ তৈরিসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশ ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
লংমার্চের কর্মসূচি অনুযায়ী, শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পথসভা শেষে লংমার্চের বহর কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। কর্মসূচির শেষ পর্বে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক বলেন, সমাবেশকে সফল করতে তাঁদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, আজকের সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, লংমার্চের সমাপনী সমাবেশ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মাঠে ৪৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ওসি আরও বলেন, মঞ্চ ঘিরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।




