কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা বঙ্গসেনার, ৩০০ গজ দূরে আটকে দিল পুলিশ

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সনাতনীদের জন্য পৃথক রাষ্ট্র এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতার বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে কলকাতার সংগঠন বঙ্গসেনা।
শনিবার (৩১ অক্টোবর) শিয়ালদহ থেকে মিছিল করে পার্ক সার্কাসে বাংলাদেশ মিশনের দিকে এগোতেই পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। তবে আগে থেকেই প্রস্তুত থাকা কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা ও ব্যারিকেডের কারণে মিশনের কাছাকাছি পৌঁছতে পারেননি বিক্ষোভকারীরা।
শনিবার শিয়ালদহ রেল স্টেশন থেকে মিছিল শুরু করেন বঙ্গসেনার সদস্যরা। মিছিলে গেরুয়া বসনধারী শতাধিক নারী-পুরুষের পাশাপাশি সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরাও অংশ নেন। বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যায়।
মিছিল বাংলাদেশ মিশনের কাছে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে সেটিকে আটকে দেয়। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরেই বিক্ষোভকারীদের থামিয়ে দেওয়া হয়। সেখানেই স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য বাংলাদেশ মিশন সংলগ্ন পার্ক সার্কাস এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে কলকাতা পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
মিশন বন্ধ থাকায় এদিন বিক্ষোভকারীরা কোনো স্মারকলিপি জমা দিতে পারেননি।




