ইসরায়েলে ইহুদি-আরব অংশীদারত্বের সরকারের দাবিতে পাঁচ শহরে সমাবেশের ডাক

ইসরায়েলে আরব দলগুলোর সমর্থন নিয়ে ইহুদি ও আরবদের অংশীদারত্বের ভিত্তিতে একটি সরকার গঠনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ‘চেঞ্জ ব্লক’ বা পরিবর্তনপন্থী জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।
‘স্ট্যান্ডিং টুগেদার’ নামের সংগঠনের আয়োজকেরা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে সাতটায় তেল আবিবের হাবিমা স্কয়ার ও জেরুজালেমের প্যারিস স্কয়ারে সমাবেশ হবে। একই সময়ে বেরশেবা, হাইফা ও তাইবে শহরেও কর্মসূচি পালিত হবে।
এই কর্মসূচির প্রেক্ষাপট মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচন। ওই নির্বাচনে বিরোধী জোট পেয়েছে ৬৭টি আসন, আর ক্ষমতাসীন জোট পেয়েছে ৫৩টি আসন। তবে বিরোধী জোটের ৬৭টি আসনের মধ্যে ৪৮টি জায়নবাদী দলগুলোর এবং ১৯টি আরব অ-জায়নবাদী দলগুলোর।
জায়নবাদী দল চারটি হলো গাদি আইজেনকোটের ‘ইয়াশার’, নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’, ইয়াইর গোলানের ‘দ্য ডেমোক্র্যাটস’ এবং আভিগদোর লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দল দুটি হলো ইউসেফ জাবারিনের ‘জয়েন্ট লিস্ট’ এবং মানসুর আব্বাসের ‘রাআম’।
সমস্যা হলো, ইহুদি বিরোধী দলগুলোর অধিকাংশ নেতাই অতীতে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা না করার কথা জানিয়েছিলেন। ফলে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও আরব দলগুলোকে বাইরে রেখে সরকার গঠনের প্রশ্নটি এখনো অনিশ্চিত রয়ে গেছে।
আয়োজকেরা বলেছেন, বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন জোটের নেতারা যেন তাঁদের জয়কে স্বীকৃতি দেন এবং ইহুদি-আরব অংশীদারিত্বের ভিত্তিতে একটি সরকার গঠন করেন। তাঁদের ভাষায়, যে ইহুদি-আরব সংখ্যাগরিষ্ঠ অংশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, পরবর্তী সরকারেও তার প্রতিফলন থাকা প্রয়োজন।
আয়োজকদের বক্তব্য, এখন অংশীদারত্ব ত্যাগ করার সময় নয়; বরং একে এমন একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার সময়, যা বাস্তবতাকে বদলে দিতে পারে।
আয়োজকেরা আরও বলেছেন, আরবদের ভোটের মূল্য ইহুদিদের ভোটের সমানই। দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আরব নাগরিকদের পূর্ণ অংশীদার হতে হবে বলেও তাঁরা দাবি করেছেন।



