যশোরের কেশবপুরে ধানখেতে মিলল অজ্ঞাত দুই নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে ধানখেতে পড়ে থাকা অবস্থায় লাশ দুটি হেফাজতে নেয় কেশবপুর থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণডাঙ্গা গ্রামের ধানখেতে দুজন নারী-পুরুষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি হেফাজতে নেয়।
নিহত দুজনের বয়স আনুমানিক ৫০ বছর বলে পুলিশ জানিয়েছে। তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি; এলাকাবাসীও তাঁদের চিনতে পারছেন না বলে জানা গেছে।
শনিবার রাত ১০টার পর কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা ছিল, আর নিহত নারীর পরনে ছিল ম্যাক্সি। পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পর লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে বলে তিনি জানান।
ওসি হাফিজুর রহমান বলেন, মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। লাশ দুটির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



