পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, গাড়ি চালাচ্ছিলেন ছেলে
রাজধানীর পল্টনের কালভার্ট রোডে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে; ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সাবেক এই সিআইডি প্রধানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালভার্ট রোড এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার রিকশাচালককে চাপা দেয়। পরে নিশ্চিত হওয়া যায়, গাড়িটি সিআইডির সাবেক প্রধান ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি এবং ঘটনার সময় স্টিয়ারিংয়ে ছিলেন তাঁর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি শাখা সড়কে রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপরই আহত রিকশাচালককে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁকে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে; তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে গাড়ি ও ভাঙা রিকশা পাওয়া গেলেও রিকশাচালক ও গাড়ির চালককে পাওয়া যায়নি। পরে গাড়ি ও ভাঙা রিকশাটি থানায় আনা হয়েছে।
ওসি আরিফুল আলম আরও জানান, রিকশাচালককে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন এবং তাঁরা খোঁজ নিচ্ছেন। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।




