সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএজ পত্রিকা আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। তবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে, বলেন তিনি।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় নিরুপায় হয়েই সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনগণের ওপর জ্বালানির ঘাটতির চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব, বলেন মন্ত্রী।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদা বিবেচনায় আরও এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তার মতে, এটি সরবরাহ ঘাটতি দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।
সৌরবিদ্যুতের ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভালুকায় ডোমেস্টিক রুফটপ প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ তৈরি হবে।
সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বাজারে সৌরবিদ্যুৎ পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সজাগ, সচেতন ও সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় বিশেষ নজরদারি থাকবে।
মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে। সৌরবিদ্যুতের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
তিনি বলেন, সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।


