কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রমাণিত, সিআইডির এএসপি কাজী মিজানুর বাধ্যতামূলক অবসরে
এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপন থেকে তাঁকে অবসরে পাঠানোর বিষয়টি জানা যায়।
কাজী মিজানুর রহমান এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিভাগীয় মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয় হয়। পরে ওই নারীর সঙ্গে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে অভিযোগ ওঠে।
বিভাগীয় নথির সারসংক্ষেপে আরও উল্লেখ রয়েছে, এ ঘটনায় করা মামলার আদালতের পর্যবেক্ষণেও তাঁদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে আসে।
বিভাগীয় তদন্তে উল্লেখ করা হয়, একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়।
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির ২৫ অক্টোবরের অনুমোদনের পর এ আদেশ জারি করা হয়।


