…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে শফিকুর রহমান: সাত দফা না মানলে এক দফা অনিবার্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না; কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ঢাকা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থে ও অধিকার আদায়ের জন্য এক দফার আন্দোলনের ডাক দিতে তাঁরা বাধ্য হবেন। তিনি বলেন, ‘দেশ আমাদের সবার। অধিকার আদায়ের জন্য সবাইকে লড়তে হবে।’

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান সরকার আপনাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে এবং আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আপনারা ৭০ শতাংশ মানুষ বাংলাদেশের পরিবর্তন চেয়েছিলেন। রাজনীতির নোংরা ধারাকে মাটির নিচে চাপা দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।’

সরকারকে সতর্ক করে জামায়াতের আমির বলেন, ‘আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই, ইতিহাসে যখনই জনগণের রায়কে অপমান করা হয়েছে, তখনই সংশ্লিষ্ট গোষ্ঠীকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ভালোয় ভালোয় আমাদের দাবি মেনে নিন। একটি দাবিও আমাদের দলীয় দাবি নয়। সবগুলোই জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের দাবি নিয়ে। আমাদের কোনো দলীয় দাবি নেই, ১১ দলেরও কোনো দাবি নেই। আমরা যে সাতটি দাবি নিয়ে মাঠে নেমেছি, সেগুলো বাংলাদেশের আপামর জনতার দাবি।’

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ১৪০০-র বেশি সন্তান বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে সরিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। ‘আমরা সবাই সেই শহীদদের কথা বলি। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সরকার শহীদদের সম্মান করে না,’ বলেন তিনি। তাঁর ভাষ্য, শহীদরা বৈষম্যহীন, মানবিক ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তারই দলিল হচ্ছে গণভোট।

জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে জীবন গেলেও অন্যায়ের কাছে তাঁরা মাথা নত করবেন না। ‘জনগণের এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব,’ বলেন তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে তাঁদের বেশ আগ্রহ দেখা যায়; কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে তাঁদের এত অনীহা কেন—সে প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, এর কারণ পরিষ্কার: সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সরকার গঠন করা যায়, মন্ত্রী হওয়া যায়; আর মন্ত্রী হলে সিন্ডিকেট তৈরি করে দেশের জনগণের সম্পদ লুট করা যায়।

মামুনুল হক আরও বলেন, সিন্ডিকেট গঠনের মাধ্যমে তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার কুক্ষিগত করে একটি দেশকে পঙ্গু করে দেওয়া যায়। এ কারণেই গোটা দেশকে আবারও চাঁদাবাজি, ছিনতাই, মাস্তানি, রাহাজানি, খুন ও গুমের রাজত্বে ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

কুষ্টিয়ার সমাপনী সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার, রাশেদ খান প্রধান, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন, সেক্রেটারি এনামুল হক প্রমুখ।

এর আগে শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। উদ্বোধনী সমাবেশে বক্তব্য শেষে লংমার্চের বহর কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।

পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনা মহানগরীর বাবরী চত্বর, ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাস টার্মিনালের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে বহর কুষ্টিয়ায় পৌঁছালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

ডিএমপির নিউজ পোর্টালে ভেসে উঠল রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি, পরে সাইটে ঢোকাই যাচ্ছে না

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। শনিবার (৩১ অক্ট…

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা
রাজনীতি

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বিভাগীয় পর্যায়ে লংমার্চ পালন করছ…

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির
রাজনীতি

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় অস্বীকার করে…

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না
রাজনীতি

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একটা লোকও খুঁজে পাওয…