ডিএমপির নিউজ পোর্টালে ভেসে উঠল রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি, পরে সাইটে ঢোকাই যাচ্ছে না
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে পুলিশের একটি ছবি ও সহিংসতার দৃশ্যের পাশাপাশি ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছিল। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছিল।
ওই সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্রই প্রদর্শিত হচ্ছিল। এতে ওয়েবসাইটটি ‘হ্যাক’ বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার পর এখন ডিএমপি নিউজের সাইটে আর ঢোকা যাচ্ছে না। তবে ওয়েবসাইটটি সত্যিই হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তাকে ফোন ও মেসেজ করা হলেও তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।


